কালীগঞ্জে সেন্ট নিকোলাস উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী সেন্ট নিকোলাস উচ্চবিদ্যালয়ের ৯৭ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় তিনি বিদ্যালয়টিকে কলেজ শাখায় উত্তীর্ণ করার ঘোষণা দেন।
উপজেলার নাগরী এলাকায় ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় সেন্ট নিকোলাস উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ে কয়েক বছর পড়াশোনা করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। পুনর্মিলনী অনুষ্ঠানটি তাঁর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়। সকালে বিদ্যালয় ক্যাম্পাসে প্রাক্তন ছাত্র-শিক্ষক ও বর্তমান ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ৯৭তম পুনর্মিলনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফাদার জয়ন্ত এস গমেজের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার শর্মা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান, পুলিশের ডিআইজি মঞ্জুর কাদের খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ।
এই বিদ্যালয়কে কলেজ শাখায় উত্তীর্ণের পাশাপাশি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করার ঘোষণা দেন পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী।
২০২০ সালে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির প্রস্তুতি হিসেবে এই পুনর্মিলনীর আয়োজন করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিকেলে পুনর্মিলনী উপলক্ষে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।