কালীগঞ্জে স্কুলে নবান্নের পিঠা উৎসব
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবান্নের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শিশুমেলা আইডিয়াল স্কুলে এ উৎসব হয়।
উৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. মুশফিকুর রহমান। উৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নারীরা শীতের পিঠার পসরা সাজিয়ে বসেন। উৎসুক হাজার হাজার দর্শনার্থী এ উৎসবে ভিড় করেন। উৎসবে অংশ নেয় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতাধীন বালীগাঁও মহিলা উন্নয়ন সমিতি, শিশুমেলা আইডিয়াল স্কুল ও দেওয়ালেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।
পিঠা উৎসবের ফাঁকে ফাঁকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. নওশের আলীর সঞ্চালনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো. আরিফুর রহমান, কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।