কালীগঞ্জে স্বজনের হাতে এক ব্যক্তি খুনের অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জে বিল্লাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি স্ত্রী ও দুই মেয়ের হাতে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে বাহাদুরশাদী ইউনিয়নের মোল্লারটেক গ্রামে বিল্লালের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের ভাই লাল মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, বিল্লাল হোসেন প্রতিদিন মদ পান করে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। বৃহস্পতিবার রাতেও তিনি মদ্যপ অবস্থায় স্ত্রী হালিমা বেগমের (৪৫) মাথায় দা দিয়ে কোপ দেন। হালিমা হাত দিয়ে মাথা বাঁচাতে গেলে হাতের অনেকটা কেটে যায়। এ ঘটনায় পাশের ঘরে থাকা দুই মেয়ে সাবিনা বেগম (২৪) ও সালমা বেগম (১৮) এবং হালিমা মিলে শ্বাসরোধে বিল্লালকে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা অকপটে হত্যার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁরা এই কাজ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন।