কালীগঞ্জে ৭০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামে গতকাল শনিবার অগ্নিকাণ্ডে অর্ধশত কৃষকের ৭০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দাবি করেছেন।কৃষকেরা জানান, কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের রায়গ্রামে রাস্তার পাশে অনেক পানের বরজ আছে। শনিবার দুপুর ১২টার দিকে ওই সড়কের বটতলা এলাকার স্বপন কুমারের বরজে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের কৃষ্ণ কুমার, নিখিল কুমার, অখিল কুমার, নন্দ সেন, অনিল সেন, প্রদীপ কুমার, সন্তোষ সেন, রবিন সেন, মানু সেন, নিতু হালদার, শংকর সেন, কানাই দাসসহ অর্ধশত কৃষকের পানের ৩০-৩৫টি বরজ পুড়ে যায়। প্রথমে কৃষক ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। বেলা দেড়টার দিকে ঝিনাইদহ, কোটচাঁদপুর ও যশোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দেরিতে আসায় যশোরের ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালককে স্থানীয় লোকজন মারধর করে।ক্ষতিগ্রস্ত কৃষক নিখিল কুমার জানান, প্রায়ই তাঁদের এলাকায় পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গতকালের ঘটনা বিড়ির আগুন থেকে হতে পারে এমন আশঙ্কা অনেকে করলেও প্রায়ই আগুন লাগার বিষয়টি চক্রান্ত বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, অনেক দরিদ্র কৃষক আছেন, যাঁদের এই পানের বরজই বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এ ক্ষতি তাঁদের নিঃস্ব করে দিয়েছে। পানচাষি সমিতির নেতা সরোজ বিশ্বাস কৃষকদের এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। রায়গ্রামে এ নিয়ে চলতি মাসে পানের বরজে তিন দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগের দুই দফায় আরও প্রায় ৪০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা জানান, ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে কৃষকেরা বলছেন, বিঘাপ্রতি তাঁদের চার লাখ টাকার ক্ষতি হয়েছে।