কালীগঞ্জের ধানখেতে হনুমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে গতকাল শনিবার সকালে এলাকাবাসীর হাতে একটি হনুমান ধরা পড়ে। বিকেলে ভাওয়াল জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কাছে হনুমানটি হস্তান্তর করা হয়।এলাকাবাসী জানায়, গতকাল সকালে উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া গ্রামের একটি ধানখেতে কৃষকেরা হনুমানটি দেখতে পান। এ সময় কৃষকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে হনুমানটি অক্ষত অবস্থায় আটক করে। পরে গ্রামের ব্যবসায়ী মাসুদুল আলমের বাড়িতে হনুমানটি রাখা হয়। দুপুরে এলাকাবাসী হনুমানটি ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। স্থানীয় যুবক হুমায়ুন কবির জানান, মধুপুর থেকে কলার ট্রাকে চেপে হনুমানটি এই এলাকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।ভাওয়াল জাতীয় উদ্যানের রেঞ্জার খসরু আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গাজীপুরের ভাওয়াল গড়ে হনুমান নেই। এ প্রজাতির হনুমান বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুরগড় ও পার্বত্য চট্টগ্রাম এলাকার বনে দেখা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, হনুমানটি কোথায় অবমুক্ত করা হবে ।