কালীগঞ্জের নয়টি ইউপিতে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নয় ইউনিয়নে পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রদান ও ভোটারদের নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
ভোট চলাকালে ভোটারদের হুমকি ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণা দেন রাখালগাছী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিভিন্ন ইউনিয়ন ঘুরে এবং ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে ক্ষমতাসীন দলের লোকজন ভোটারদের প্রভাবিত করেছেন। কালীগঞ্জের ত্রিলোচনপুর প্রাথমিক বিদ্যালয়, দাদপুরসহ বেশ কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন একাধিক প্রার্থী। এই দুটি কেন্দ্রে চেয়ারম্যান পদের ব্যালটে প্রকাশ্যে নৌকায় ভোট দিতে ভোটারদের বাধ্য করা হয়। বারোবাজার ইউনিয়নের কেন্দ্রগুলোতে কারচুপি হয়েছে বলে স্বতন্ত্র প্রার্থী ইন্তাদুল হক ইন্তা অভিযোগ করেন। এ ছাড়া ওই ইউনিয়নের পিরোজপুর কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন বিএনপির প্রার্থীর এক কর্মীকে পিটিয়ে ঘরে আটকে রাখেন।
নিয়ামতপুর ইউনিয়নের ফারাশপুর, মোস্তবাপুর ও অনুপমপুর ভোটকেন্দ্রে ক্ষমতাসীন দলের সমর্থকদের ভোটারদের প্রভাবিত করতে দেখা যায়। ভোট গ্রহণ শেষে ২০ মিনিটের ব্যবধানে বালিয়াডাঙ্গা বাজারের পাশে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। ত্রিলোচনপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজাহান আলী শেখ অভিযোগ করেন, তাঁর মালিকানাধীন চাতালের পাশে সন্ত্রাসীরা তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়।