কালীপূজা ও দীপাবলি উদ্যাপিত
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল শুক্রবার সারা দেশে কালীপূজা ও শুভ দীপাবলি উদ্যাপিত হয়েছে। গতকাল অমাবস্যা তিথির সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা বাড়িঘর, মন্দির-প্রাঙ্গণ, শ্মশানঘাটসহ নিজ নিজ পারিপার্শ্বিক প্রতিবেশে অসংখ্য মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে আঁধার-তাড়ানিয়া শুভ দীপাবলি উৎসব উদ্যাপন করেন।একই সঙ্গে গতকাল সারা রাত অনুষ্ঠিত হয় কালীপূজা। এই পূজা উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মন্দিরগুলো ছিল উৎসবমুখর। বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, পূজা উপলক্ষে আজ শনিবারও ঢাকাসহ সারা দেশের মন্দিরে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকাবাইচ ও মেলা অনুষ্ঠিত হবে। আজ অপরাহ্নে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কালীপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।পিরোজপুরের স্বরূপকাঠির শশীদ সর্বজনীন কালীপূজা কমিটির আয়োজক জয়ন্ত বিষ্ণু মণ্ডল প্রথম আলোকে বলেন, প্রতিবছরের মতো এবারও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আজ বিকেলে শশীদে মেলা বসবে। সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে।