কালীর মেলায় অশ্লীল নাচ বন্ধের দাবি এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ঢেমঢেমি কালীর মেলায় চারটি অপেরা মঞ্চসহ বিভিন্ন প্যান্ডেলে বিচিত্রা অনুষ্ঠান ও পুতুলনাচের নামে অশ্লীল নাচ-গান পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অশালীন কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মেলা কমিটির সভাপতিও অশ্লীলতার কথা নিশ্চিত করেছেন।বীরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে এই মেলায় গত বুধবার গিয়ে দেখা যায়, পৃথক চারটি প্যান্ডেলে পুতুলনাচ ও পাঁচটিতে চলছে বিচিত্রানুষ্ঠান। একটি সার্কাস ও যাত্রা বা অপেরা এসেছে চারটি। এলাকার কৃষকনেতা আবদুল হক জানান, চাপা পাড়া গ্রামে অবস্থিত ঢেমঢেমি কালীর মন্দির। আর কালীমাতার নামেই যুগ যুগ ধরে চলে আসছে মেলাটি। প্রতিবছর দুর্গাপূজা শেষে যে অমাবস্যা আসে, সেই অমাবস্যার রাতে মেলা শুরু হয়। গত ২৭ অক্টোবর মেলা শুরু হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যক্তি আজগার আলী জানান, আগে মেলার প্রধান আকর্ষণ ছিল গরু-মহিষ, ঘোড়াসহ বিভিন্ন পশু। কিন্তু বর্তমানে মেলার প্রথম তিন দিনেই পশুমেলা শেষ হয়ে যায়। আর শুরু থেকে বসে যাত্রা, সার্কাস, পুতুলনাচসহ নানা ভ্যারাইটি শো। এসব মঞ্চে বাঙালি সংস্কৃতি চর্চার নামে চলে অশ্লীলতা। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা রাতে লেখাপড়া বাদ দিয়ে মেলায় যায়। এলাকার শিক্ষক তানজিল উদ্দিন অভিযোগ করেন, মেলায় যাত্রা ও বিচিত্রানুষ্ঠানের নামে যেভাবে প্রকাশ্যে অশ্লীল নাচ-গান চলছে, তাতে যুব সমাজ ধ্বংস হতে বাধ্য। মেলায় কোনো অপেরা বা প্যান্ডেলে কোনো নারী দর্শককে খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে না ৩০ বছরের বেশি বয়সের কোনো দর্শক। দর্শকদের বয়স ১২-৩০ বছর। মেলায় আসা বীরগঞ্জ কলেজের ছাত্র আরমান হোসেন (১৯) জানান, মেলায় প্রতিটি মঞ্চে দিনের বেলা একটু কম হলেও রাতে প্রায় নগ্ননৃত্য পরিবেশিত হয়। মেলায় আসা সুন্দরবন অপেরার নৃত্যশিল্পী সীমা ও অন্তরা খানের ভাষ্য মতে, অপেরার নির্ধারিত ও নিয়মিত শিল্পীরা অশ্লীল নৃত্য করেন না। তবে চারটি অপেরাই ঢাকা থেকে দুজন করে নৃত্যশিল্পী এনেছে, যাঁরা টাকার বিনিময়ে খোলামেলা নাচেন।যোগাযোগ করা হলে মেলা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন প্রথম আলোকে বলেন, মেলা শুরুর প্রথম কয়েক দিন অশ্লীল নাচ চলেছিল। তবে বুধবার থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বলেন, ওই মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ তিনিও পেয়েছেন। এ ধরনের নাচ-গান বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছেন।