কালুখালী ভাটিয়াপাড়া পথে ট্রেন চালু হচ্ছে আজ
কালুখালী-ভাটিয়াপাড়া পথে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ট্রেন চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজবাড়ীর পাংশায় এ রেল চলাচল উদ্বোধন করবেন।
১৯৪৬ সালে কালুখালী-ভাটিয়াপাড়া সড়কে ৭২ কিলোমিটার দৈর্ঘ্যের এ পথে রেল চলাচল শুরু হয়। কিন্তু ১৯৯৭ সালের আগস্টে লোকসানের কারণ দেখিয়ে রেলপথটি বন্ধ করে দেওয়া হয়। ফরিদপুর ও রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবির মুখে বর্তমান সরকার আবার কালুখালী-ভাটিয়াপাড়া রেলকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয়। ২০১১ সাল থেকে এ রেলপথ পুনর্নির্মাণের কাজ শুরু হয়।
এ পথের একটি বড় অংশ ফরিদপুরের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার মধ্যে দিয়ে গেছে। তাই এ রেল আবার চালু করা নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।
ফরিদপুর-০১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের সাংসদ আবদুর রহমান জানান, তিনি এলাকাবাসীর প্রাণের দাবি হিসেবে এ রেলপথটি আবার চালু করার দাবি সংসদে জানিয়েছিলেন।