কালুখালীতে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শেষ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব গত শুক্রবার রাতে শেষ হয়েছে। সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা গত সোমবার শুরু হয়। মেলার আয়োজক ছিল স্থানীয় সামাজিক সংগঠন সূর্যোদয় সংঘ।
মেলার সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিম। সূর্যোদয় সংঘের সভাপতি আল হেলাল রনি এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ প্রমুখ।
পরে প্রধান অতিথি মেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পাঁচ দিনব্যাপী মেলা চলাকালে সাধারণ জ্ঞান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক কুইজ, দেশাত্মবোধক গান, রচনা, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হন তাঁরা।