কালুখালীতে হামলায় আহত কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গত সোমবার ধারালো অস্ত্রের আঘাতে আহত কৃষক মোতালেব সরদার মারা গেছেন। গত মঙ্গলবার বিকেলে ঢাকার সাভারে একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। একই হামলায় আহত আরও ১০ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে মোতালেবের ছেলে আকিদুল ইসলাম সরদারের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় আবু সায়েম মণ্ডল নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে কালুখালী থানায় হত্যা মামলা হয়েছে।

এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক মোতালেবের বাড়ি উপজেলার দক্ষিণ নগরবাথান গ্রামে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে মিজানুর রহমান সরদারসহ আরও কয়েকজন গল্প করছিলেন। একই গ্রামের বিল্লাল নামের এক ব্যক্তি বাইসাইকেলে যাচ্ছিলেন। এ সময় মিজানুরের সঙ্গে ওই সাইকেলের ধাক্কা লাগে। এতে বিল্লাল সাইকেল থেকে মাটিতে পড়ে যান। এ নিয়ে দুজনের বাগ্‌বিতণ্ডা হয়। এরপর বিল্লাল বাড়ি চলে যান। এর প্রায় এক ঘণ্টা পর ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মিজানুরদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে মোতালেব সরদার (৬৬), তাঁর ছেলে আকিদুল ইসলাম সরদার (২৬), মোতালেবের চাচাতো ভাই মিজানুর রহমান সরদার (৪৪) এবং প্রতিবেশী কুলছুম বেগম (৩৫), সোহরাব সরদার (৪৭), হালিমা বেগম (২৫), শহীদ সরদার (৫৫), মোসলেম সরদার (৬৫), রাশেদ সরদার (২৫) এবং প্রতিপক্ষের সুমন (১৮) ও সেকেন্দার আলীকে (২৮) পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মোতালেবের ভাতিজা শিমুল হোসেন সরদার প্রথম আলোকে বলেন, অবস্থার অবনতি হলে মোতালেব ও আকিদুলকে সোমবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে মোতালেবকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরদিন মঙ্গলবার বিকেলে মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সিদ্ধার্থ শংকর বিশ্বাস বলেন, মোতালেব ও আকিদুলের মাথায় ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। তবে আহত অন্য ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।