কালুখালীতে ১৪ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত!
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ১৪ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তিরা হলেন শাহজাহান শেখ (৪০), জসিম শেখ (৩৫), নুরুল ইসলাম (৫৫), মোস্তফা শেখ (৩০), জমিরুল শেখ (২০), আরজিনা খাতুন (৩০), হারেজ শেখ (৪৫), ফরিদ শেখ (৪০), ইমরান শেখ (৩৫), নাছিমা বেগম (৩৫), শহীদ শেখ (১৭), সিফাত (২), সাকিল মোল্লা (১৪) ও জাহানারা বেগম (৩২)।
তাঁদের মধ্যে পাঁচজন ৫ সেপ্টেম্বর ও তিনজন ৬ সেপ্টেম্বর রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নেন। গত বৃহস্পতিবার সকালে ফরিদ শেখ নামে এক ব্যক্তি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে আক্রান্ত এলাকা পরিদর্শনে আসে ঢাকার বিশেষজ্ঞ দল। পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক রাবেয়া সুলতানা। অন্য সদস্যরা হলেন চিকিৎসক ফয়সাল তালুকদার ও সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনিশিয়ান প্রশান্ত ও ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট আমিরুল ইসলাম। সার্বিক বিষয়ের সমন্বয় করেন রাজবাড়ীর সিভিল সার্জন রহিম বক্স। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অ্যানথ্রাক্স রোগের লক্ষণ হিসেবে কখনো কখনো গরুর খিঁচুনি কিংবা কাঁপুনি দেখা দেয়। শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায়। তাপমাত্রা ১০৫-১০৭ ডিগ্রি পর্যন্ত হতে পারে। গরু ভারসাম্যহীন হয়ে পড়ে, শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় গরু খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে। মারা গেলে নাক, মুখ, কান, মলদ্বার দিয়ে কালচে লাল রক্ত বের হয়। এ রোগের সবচেয়ে বড় লক্ষণ হলো গরু মারা যাওয়ার পর রক্ত জমাট বাঁধে না।
অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গবাদিপশু জবাই করা, মাংস কাটা, মাংস ধোয়া-মোছা, চামড়া ছাড়ানো এবং মাংস খেলে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ব্যাসিলাস অ্যানথ্র্যাসিস নামক জীবাণু থেকে এই রোগ হয়। মানুষের দেহ এ রোগে আক্রান্ত হলে নিরাময় সম্ভব। তবে চিকিৎসা না নিলে আক্রান্ত ব্যক্তির মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইমরান মোল্লা বলেন, ‘ঈদের দুই দিন আগে আমার চাচার একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় কয়েকজন মিলে গরুটি কেনা হয়। এরপর জবাই করি। গরুর মাংস ও চামড়া ছাড়ানোর কাজ করি ১০-১২ জন। পরে হাতে একটি গোটা দেখতে পাই। পরে ভালোভাবে খেয়াল করে মোট চারটি বড় গোটা দেখতে পাই। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি। ৬ সেপ্টেম্বর সদর হাসপাতালে গিয়ে জানতে পারি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার কথা।’
গরুর মালিক কুতুব উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি বুঝতে পারি নাই। রোগে আক্রান্ত হওয়ার পর ৪০ হাজার টাকায় বিক্রি করেছিলাম।’
সিভিল সার্জন রহিম বক্স বলেন, ঢাকার বিশেষজ্ঞ টিম সরেজমিন পরিদর্শন করেছে। এ সময় রাজবাড়ী ও কালুখালী উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দলের প্রধান প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স রোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঢাকায় গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে। এ সময় স্বাস্থ্য শিক্ষা ও রোগ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।