কালুরঘাট টেকনিক্যাল স্কুলের সাফল্য অনুকরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আমার ছেলেমেয়েদের সাফল্যে এত আনন্দ পেয়েছি, যা বলে বোঝাতে পারব না। সোমবার সবাইকে নিয়ে মেতে ছিলাম বলে দুপুরে খাওয়ার কথাও মনে ছিল না। আমি সবাইকে বলি মাদক, মুখস্থ করা, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে। আমার ছাত্ররা সেভাবেই চলে। তারা সবকিছু জেনে-বুঝে পরীক্ষায় বসেছে বলেই আজ এ সুফল পেয়েছে।’ কথাগুলো বলছিলেন কারিগরি শিক্ষা বোর্ডে ফলাফলের দিক দিয়ে প্রথম হওয়া চট্টগ্রামের এ কে খান-ইউসেপ (আন্ডার প্রিভিলেজড চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম) টেকনিক্যাল স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক তানভীর আহমেদ কোরেশী। চোখে-মুখে তার আনন্দের ছাপ স্পষ্ট। ঘেমে-নেয়ে একাকার। দুই ছাত্রকে নিয়ে তিনি আসেন বিদ্যালয়ের প্রধানের কার্যালয়ে। গতকাল মঙ্গলবার সকালে স্কুলে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীরা হৈ-হুল্লোড় করে দাপিয়ে বেড়াচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গণে। তারা প্রিয় শিক্ষক তানভীরকে মাথায় তুলে আনন্দ করছে। তানভীর বলেন, ‘আমাদের সব শিক্ষক সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ছাত্রছাত্রীকে ভালোভাবে ধারণা দিয়েছেন। ফলে তারা পরীক্ষায়ও তাদের সৃজনশীলতার প্রমাণ দিতে পেরেছে।’ এ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। এসব শিক্ষার্থীর সবাই পারিবারিকভাবে অসচ্ছল। স্থায়ী কোনো কাজ নেই বাবা-মায়ের। থাকে বস্তি কিংবা ঝুপড়িঘরে। অর্থাৎ চরম দারিদ্র্যের মধ্যে। তবু তারা ফলাফল ভালো করেছে। এখানে কারও প্রাইভেট পড়ার সুযোগ নেই। স্কুলের পড়াই সব। ২০০৮ সাল থেকে কালুরঘাট টেকনিক্যাল স্কুলের সফলতার শুরু। সে বছর কারিগরি শিক্ষা বোর্ডে দ্বিতীয় সেরা স্কুলের খেতাব পায় তারা। ২০০৯ সালে তারা সম্মিলিতভাবে সপ্তম হয়েছে কারিগরি বোর্ডে। ২০১০ সালে তৃতীয়, ২০১১তে সারা বোর্ডের মধ্যে দ্বিতীয় হয়েছে। ২০০৬ সালে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার সময় থেকে এর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান প্রধান ও ইউসেপের আঞ্চলিক সমন্বয়কারী জয় প্রকাশ বড়ুয়া। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের সফলতার মূল কারণ হচ্ছে শিক্ষকদের আন্তরিকতা। প্রতিটি শিক্ষার্থীর প্রতি আমাদের সার্বক্ষণিক নজরদারি থাকে। কেউ কোনো বিষয়ে দুর্বল হলে প্রয়োজনে আমাদের শিক্ষকেরা তাদের বাড়ি গিয়ে পড়িয়ে আসেন এবং তা বিনা মূল্যেই। এখানকার সব ছেলেমেয়ের পরিবারই আর্থিকভাবে অসচ্ছল।’ স্কুলের ছাত্রী শাবনূর আক্তার এ বছর মেকানিক্যাল বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। থাকে ঝাউতলা বিহারি কলোনির পরিত্যক্ত ভবনে। বাবা ঠিকাদারের লোকজনের সঙ্গে কাজ করেন অস্থায়ীভাবে। সে বলল, ‘আমি ডিপ্লোমা পড়তে চাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।’ শাবনূরের এক বোনও এখান থেকে পাস করে এখন ডিপ্লোমা পড়ছেন। শাবনূর আমবাগান ইউসেপ স্কুল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে এ স্কুলে ভর্তি হয়। মোহাম্মদ আলাউদ্দিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। বাবা নেই, মা আছেন। বাবা একসময় ইট ভাঙার কাজ করতেন। বড় দুই ভাই কারিগরি স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে এখন বিদেশে আছেন। ছোট বোনও পড়ছে ইউসেপ স্কুলে। ডিপ্লোমা পড়ার কথা জানিয়েছে আলাউদ্দিন। ১৯৯২ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। আর ২০০৬ সাল থেকে এখানে এসএসসি ভোকেশনাল কোর্স চালু হয়। এখানে জেনারেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও জেনারেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে দুটি শাখা রয়েছে। এখান থেকে এসএসসি পাস করার পর বেশির ভাগ শিক্ষার্থীই পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়। আর যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, একটা কাজ যে করেই হোক দরকার, তাদের জন্য আবার স্কুল কর্তৃপক্ষ চাকরির ব্যবস্থা করে দেয়। এ ধরনের ছেলেমেয়েদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কারিগরি কাজেই নিয়োগ দেওয়া হয়। এ প্রসঙ্গে ইউসেপের আঞ্চলিক সমন্বয়কারী জয় প্রকাশ বড়ুয়া বলেন, ‘চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড), সাগরিকা শিল্পাঞ্চল, নাসিরাবাদ ও কালুরঘাটসহ চারটি অঞ্চলের জন্য একটি করে নিয়োগ কমিটি রয়েছে। কমিটির মাধ্যমে আমরা তাদের চাকরির ব্যবস্থা করি। নিয়োগদানকারী প্রতিষ্ঠানগুলোও তাদের প্রয়োজনীয়তার কথা আমাদের জানায়।’ বিদ্যালয় শুরু হয় প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে। একটানা পাঁচটা ২০ মিনিট পর্যন্ত চলে। এর মধ্যে কেবল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তাদের দুপুরের খাবারের জন্য বরাদ্দ থাকে। ছুটি থাকে শুক্র ও শনিবার। বর্তমানে এ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৫১৬ জন। ইউসেপ পরিচালিত স্কুল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া শেষে এখানে নবম শ্রেণীতে ভর্তি হয় ছাত্রছাত্রীরা। এখানে তাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন আধুনিক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রতিদিন দুপুরের খাবারের জন্য ৩০ টাকা করে দেওয়া হয়। এ ছাড়া প্রতি মাসে তাদের ৪০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।