কালুরঘাট বেতার কেন্দ্রের দৈন্য কাটেনি ৪৩ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে l ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধে দেশের মানুষকে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বিশেষ উদ্দীপনা জুগিয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র। বিপর্যস্ত জনপদের মানুষকে নানাভাবে সাহস জুগিয়ে, তথ্যসেবা দিয়ে ও নতুন করে বাঁচার প্রেরণা দিয়ে জাতীয় জীবনে রেখেছিল অসামান্য অবদান।
কিন্তু দীর্ঘ ৪৩ বছরেও চট্টগ্রামের এই ঐতিহাসিক বেতার কেন্দ্রের দৈন্যদশা ঘোচেনি। যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে শুরু হয়েছিল কেন্দ্রটির পথচলা, তা এখনো সেভাবেই চলছে। নাজুক সম্প্রচারযন্ত্র, প্রকৌশলীর ঘাটতি, কর্মকর্তা-কর্মচারীসংকট লেগেই আছে।
একাত্তরের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের মাধ্যমেই প্রচারিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা। সেই থেকে এটি পরিচিতি পায় ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ নামে।
বেতার কেন্দ্রের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলীর দায়িত্বে থাকা আঞ্চলিক প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমরা অনেকবার লিখিতভাবে বেতার কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও যন্ত্রপাতিসংকটের কথা জানিয়েছি। কিন্তু এখনো এসব সমস্যার সমাধান হয়নি।’
বেতার কেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২৫ মার্চ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বেতার কেন্দ্রের কর্মীরা বেতার সম্প্রচার বন্ধ করে দেন। এ অবস্থায় কালুরঘাট সম্প্রচার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারের ব্যবস্থা নেওয়া হয়। এ প্রসঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মী ফজল হোসেন বলেন, চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বেতার ভবন থেকে অনুষ্ঠান প্রচার ঝুঁকিপূর্ণ ছিল বলে কালুরঘাট সম্প্রচার কেন্দ্র থেকে বিভিন্ন অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেওয়া হয়। পরে ৩০ মার্চ দুপুরে পাকিস্তানি সেনাবাহিনী এখানে বোমা হামলা চালায়। এতে ১০ জন বেতারকর্মী এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সম্প্রচারযন্ত্র নিয়ে ভারতে চলে যান। এরপর ১৪ এপ্রিল পাকিস্তানি সেনাদের নিয়ন্ত্রণে ফের চালু হয় কেন্দ্রটি।
বেতার কেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে ৫০ কিলোওয়াট ক্ষমতার দুটি জাপানি সম্প্রচারযন্ত্র বসানো হয়েছিল এই কেন্দ্রে। পরবর্তী সময়ে ঝড়-জলোচ্ছ্বাসে কেন্দ্রের অন্যান্য যন্ত্রপাতির মতো সম্প্রচারযন্ত্র দুটিও ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকে জোড়াতালি দিয়ে চালু রাখা হচ্ছে এগুলো। এদিকে কেন্দ্রটির সম্প্রচারযন্ত্রের সমস্যার কারণে চট্টগ্রাম বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রচারেও ঘটছে বিঘ্ন।
আঞ্চলিক প্রকৌশলী বলেন, ‘ক্ষতিগ্রস্ত সম্প্রচারযন্ত্রগুলো কোনোমতে মেরামত করে চালানো হচ্ছে। মাঝেমধ্যে অনুষ্ঠান সম্প্রচার শেষ করে রাত ১২টার পর সম্প্রচারযন্ত্রটি মেরামত করার কাজে নামতে হয়। তা ছাড়া একসঙ্গে দুটি সম্প্রচারযন্ত্র চালু রাখা যাচ্ছে না বলে কেন্দ্রের সম্প্রচারক্ষমতা কমে গেছে। এখন ৩০-৩৫ কিলোমিটারের বেশি এলাকায় অনুষ্ঠান সম্প্রচার সম্ভব হচ্ছে না।’ তবে কিছুদিনের মধ্যে ১০০ কিলোওয়াট ক্ষমতার নতুন একটি সম্প্রচারযন্ত্র এখানে বসানো হবে বলে জানান তিনি।
অনুসন্ধানে জানা যায়, কালুরঘাট বেতার কেন্দ্রে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে কর্মরত আছেন ১৭ জন। শূন্যপদগুলোর মধ্যে রয়েছে আবাসিক প্রকৌশলীর একটি, উপ-আঞ্চলিক প্রকৌশলীর পাঁচটি, সহকারী বেতার প্রকৌশলীর দুটি, স্টেনোগ্রাফারের একটি, স্টেনো টাইপিস্টের একটি, অফিস সহকারীর দুটি, গুদামরক্ষকের একটি, দপ্তরির একটি, অফিস সহায়কের একটি ও টেকনিশিয়ানের তিনটি পদ।
এ ছাড়া পদ-কাঠামোতে থাকা নিরাপত্তা প্রহরী, চৌকিদার, মালি, ঝাড়ুদার—এসব পদ এখনো সৃষ্টিই করা হয়নি। বর্তমানে চট্টগ্রাম ও সিলেট বেতার কেন্দ্র থেকে প্রেষণে তিনজন নিরাপত্তা প্রহরীকে এনে কাজ চালানো হচ্ছে। আর দৈনিক ভিত্তিতে ঝাড়ুদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজনকে।