কালুরঘাট বেতারকেন্দ্রের স্মৃতি সংরক্ষণের চিন্তা আছে: মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘কালুরঘাট বেতারকেন্দ্র একটি ঐতিহাসিক স্থান। যেখান থেকে অনেক নেতা বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তাই কেন্দ্রটির স্মৃতি সংরক্ষণে আমাদের চিন্তাভাবনা আছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। কালুরঘাট বেতারকেন্দ্র ও স্বাধীনতা পার্ক তাঁর পরিদর্শনের কথা ছিল। কিন্তু সফরসূচি পরিবর্তনের কারণে তিনি আগ্রাবাদে নির্মাণাধীন ‘টাওয়ার ৭১’ ও ‘জয়বাংলা’ বাণিজ্যিক ভবন পরিদর্শন করেই সার্কিট হাউসে চলে যান। সেখানেই সাংবাদিকদের সঙ্গে তাঁর কথা হয়।
সম্প্রতি বেতারকেন্দ্রের সুষ্ঠু সম্প্রচার ও সম্প্রচার টাওয়ার থেকে বিচ্ছুরিত রশ্মির (রেডিও ফ্রিকোয়েন্সি রে) ক্ষতির কথা বিবেচনা করে স্থাপনাটি কালুরঘাট এলাকা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হয়। ইতিমধ্যে বেতারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিকল্প জায়গা পরিদর্শন করেছে। এ ক্ষেত্রে ঐতিহাসিক এ স্থানের স্মৃতি রক্ষার্থে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এ নিয়ে জল্পনাকল্পনা চলছিল।
এ বিষয়ে কালুরঘাট বেতারকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন প্রথম আলোকে বলেন, বেতারকেন্দ্রের এলাকাটি একসময় ফাঁকা ছিল। বর্তমানে এটি জনবসতিপূর্ণ হয়ে উঠেছে, গড়ে উঠেছে বিভিন্ন উঁচু স্থাপনা। এতে সুষ্ঠু সম্প্রচারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তা ছাড়া সম্প্রচার টাওয়ার থেকে বিচ্ছুরিত রশ্মি মানবদেহের জন্যও ক্ষতিকর। এসব বিষয় বিবেচনা করে স্থাপনাটি অন্য স্থানে সরিয়ে নিতে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন বেতারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। তাঁরা চট্টগ্রামের পটিয়া উপজেলার শাহ আমিন পেট্রলপাম্পের কাছে এবং চট্টগ্রাম-পটিয়া ও আনোয়ারা-বাঁশখালী সড়কের সংযোগস্থলে প্রায় ৫০ একরের একটি জায়গা নির্বাচন করেছেন। বর্তমানে এটি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।