বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে আমাজন অ্যাপারেলস নামের ওই গার্মেন্টস কারখানার প্রায় ৫০০ কর্মী কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা শিল্প এলাকার মূল সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) গত মাসের বেতন পরিশোধের নির্ধারিত দিন ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা বিক্ষোভ করেছে।’ তিনি আরও জানান, কারখানার প্রায় ৫০০ শ্রমিকের জুলাই মাসের পুরো বেতন এবং মে ও জুন মাসের আংশিক বেতন বাকি আছে। কারখানার মালিক মো. মিজানের সঙ্গে দ্রুত বেতন পরিশোধ করার বিষয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।