কালুরঘাট সেতুতে ট্রাক আটকে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ
চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে ট্রাক আটকে ১০ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় সেতুর দুই পাশে যানবাহন আটকে পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ট্রাকটি আটকে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮২০৯) কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু পার হয়ে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় যাওয়ার সময় সেতুর মাঝপথে এসে রেলিং ভেঙে আটকে যায়। গতকাল রোববার দুপুর ১২টার দিকে ক্রেন দিয়ে ট্রাকটি উদ্ধার করলে যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ট্রাকটি আটকে থাকায় সেতুর দুই পারে কয়েক শ যান আটকা পড়ে। এ সময় নৌকা-সাম্পানযোগে যাত্রীরা নদী পার হয়ে গন্তব্যে পৌঁছাতে চরম বিড়ম্বনায় পড়ে। ট্রাকচালক আবুল হোসেন জানান, সেতুর ওপর সৃষ্ট গর্তে ট্রাকটি বারবার ঝাঁকুনি দেয়। মাঝপথে এসে বড় একটি গর্তে পড়ে ট্রাকটি পিছলে রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার উপক্রম হয়। এতে গাড়িটি অল্পের জন্য রক্ষা পায়।সেতুর ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স পূর্ণিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অশোক বড়ুয়া জানান, সেতুটি এক মাস ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য রেলওয়ের ব্যবস্থাপক (জিএম), প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করেছি। যথাসময়ে সংস্কার না করাকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি। তিনি দাবি করে বলেন, গতকাল ১০ ঘণ্টা গাড়ি চলাচল করতে না পারায় দেড় লক্ষাধিক টাকার টোল আদায় থেকে বঞ্চিত হয় ইজারাদার প্রতিষ্ঠান।রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলি মৃধা দৈনিক প্রথম আলোকে বলেন, কয়েক দিনের মধ্যে জরুরিভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে।