চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অবস্থিত ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’ হিসেবে পরিচিত বাংলাদেশ বেতারের কালুরঘাট সম্প্রচারকেন্দ্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ আগামীকাল রোববার বেতারের জন্য নির্ধারিত সম্ভাব্য স্থান পরিদর্শনে আসছেন। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, উচ্চশক্তি প্রেরণকেন্দ্র, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বিচ্ছুরিত রশ্মি (রেডিয়েশন) মানুষের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, যা তাৎক্ষণিকভাবে না হলেও ৫-১০ বছর পরে সেই প্রভাব ধরা পড়বে। এ কারণে জনবসতি থেকে দূরে একটি স্থান নির্ধারণ করা হচ্ছে। সম্প্রচারকেন্দ্রের পাশে অবস্থিত সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ‘স্বাধীনতা পার্ক’ ও আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বেতার সূত্রে জানা গেছে, কালুরঘাট বেতারকেন্দ্রের জন্য জনবসতি থেকে দূরে কয়েকটি স্থান নির্বাচন করা হয়েছে। এগুলো হচ্ছে: আনোয়ারা উপজেলার কর্ণফুলী নদীর বিপরীত পাশের এলাকা, কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার পাশের এলাকা, চট্টগ্রাম-আনোয়ারা উপজেলার সংযোগ সড়কের উভয় পাশ এবং চট্টগ্রাম-কক্সবাজার সংযোগ সড়কের দক্ষিণে শান্তিরহাট এলাকা। বেতারের মহাপরিচালক কাল রোববার এসব এলাকা পরিদর্শন করবেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রমতে, চান্দগাঁও বেতারকেন্দ্রের পাশে বিএনপি সরকারের আমলে গড়ে ওঠে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স (মিনি বাংলাদেশ) নামে বিনোদন পার্ক। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পার্ক পরিচালনার দায়িত্ব নেয় কনকর্ড গ্রুপ। পরবর্তী সময়ে তাদের মেয়াদ শেষে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ পাঁচ বছরের জন্য এটি ইজারা নেয়। তখন এর নাম হয় ‘স্বাধীনতা পার্ক’। পার্কের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি মো. রেজাউল করিম বলেন, ‘আমাদের ইজারার মেয়াদ প্রায় তিন বছর পার হয়েছে। কালুরঘাট বেতারকেন্দ্র স্থানান্তরের ব্যাপারে আসলে আমাদের করণীয় কিছু নেই। দুটিই সরকারি মন্ত্রণালয়। কাজেই সরকারই এ ক্ষেত্রে সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেবে।’ স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের উদ্বোধনী দিনের প্রথম শব্দসৈনিক রাখাল চন্দ্র বণিক বলেন, স্বাধীনতার ৪০ বছর পরে এ রকম একটি সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। এর মাধ্যমে স্বাধীনতার প্রকৃত ঘটনা ধামাচাপা পড়ে যাবে এবং সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হবে নতুন প্রজন্ম।স্বাধীন বাংলা বেতারের অপর শব্দসৈনিক ও স্বাধীন বাংলা বিপ্লবী বেতারকেন্দ্র বইয়ের লেখক সুলতান-উল আলম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা প্রচারের জন্যই এই বেতারকেন্দ্র গড়ে ওঠে। এমনকি বেতারকেন্দ্র থেকে এই ঘোষণা শোনার পরই সারা দেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। এটি ছিল মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট। কাজেই এ-জাতীয় একটি ঐতিহাসিক স্থাপনা সরিয়ে নেওয়া কখনোই উচিত হবে না। জানা যায়, মুক্তিযুদ্ধের সূচনায় ১৯৭১ সালের ২৬ মার্চ দুপুরে বঙ্গবন্ধু ঘোষিত স্বাধীনতার বেতার ঘোষণা প্রচারের জন্য কালুরঘাট ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’-এর গোড়াপত্তন হয়। পাকিস্তান সরকারের সামরিক গণহত্যার খবর, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এই বেতারকেন্দ্র থেকেই সম্প্রচারিত হয়। পাকিস্তান সরকারের প্রচারণার বিরুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র মুক্তিযুদ্ধের ‘দ্বিতীয় ফ্রন্ট’ হিসেবে কাজ করে। কালুরঘাট সম্প্রচারকেন্দ্রে একটি ছোট স্বয়ংসম্পূর্ণ স্টুডিও ছিল। এর প্রচারক্ষমতা ছিল ১০ কিলোওয়াট। প্রসঙ্গত, কালুরঘাট সম্প্রচারকেন্দ্রটির অবস্থান নগরের চান্দগাঁও এলাকায়, বহদ্দারহাট বাস টার্মিনালের উত্তর পাশে।