চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় প্রায় ১১ একর জায়গাজুড়ে ময়লা-আবর্জনার ভাগাড় গড়ে তুলেছে সিটি করপোরেশন। গত বছরের আগস্ট মাস থেকে সেখানে নগরের অন্তত ২০টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হচ্ছে। এভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার কারণে পরিবেশদূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে বলে পরিবেশবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন।
এই ভাগাড়ের পাশ দিয়েই কালুরঘাট শিল্প এলাকার দেড় শ প্রতিষ্ঠানের লক্ষাধিক শ্রমিক নিয়মিত আসা-যাওয়া করেন। বিদেশি ক্রেতারাও আসেন এসব প্রতিষ্ঠানে। এই ভাগাড়ের পাশেই রয়েছে নাথপাড়া, বড়ুয়াপাড়া, ছালেহ আহমদ বাড়ি, আফজল মাঝিপাড়া ও হারিসন মাঝিপাড়া। সেখানে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করেন। নাথপাড়ার বাড়ির মালিক মিনতিনাথ বলেন, আবর্জনার দুর্গন্ধে টিকতে না পারে তাঁর চারজন ভাড়াটে বাসা ছেড়েছেন। উৎকট গন্ধে তাঁদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলার কারণে বাতাস দূষিত হয়ে পড়ে। ফলে আশপাশের এলাকায় রোগজীবাণু ছড়িয়ে পড়বে। এতে এসব এলাকার লোকজন চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধিতে ভুগতে পারেন। তিনি বলেন, আবর্জনা থেকে উৎপন্ন বিষাক্ত গ্যাস মানুষের দেহে প্রবেশ করলে হার্ট, ফুসফুস ও কিডনি আক্রান্ত হতে পারে। এমনকি ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, গত সপ্তাহ থেকে সেখানে আবর্জনা ফেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ১৫ জুনের পর সেখানে আর ময়লা ফেলা হবে না। সিটি করপোরেশনের দুটি বর্জাগার রয়েছে। একটি আরেফিন নগরে, অন্যটি হালিশহরে। আরেফিন নগর বর্জাগারে যাওয়ার সড়কটি নষ্ট থাকায় অস্থায়ীভাবে সেখানে বর্জ্য ফেলা হচ্ছিল। এখন সড়কটি সংস্কার করা হয়েছে। একই কথা বলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ।
কালুরঘাট শিল্প এলাকায় ইউনিলিভার, বার্জার, ওয়েল গ্রুপসহ ১৫৮টি কারখানা রয়েছে। এর মধ্যে পোশাক কারখানা আছে প্রায় ৫০টি।
ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কালুরঘাট শিল্প এলাকার প্রতিষ্ঠানগুলো থেকে প্রতি মাসে ৫০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এই এলাকায় উন্মুক্তভাবে গড়ে তোলা হয়েছে বর্জ্যাগার। দুর্গন্ধে কারখানায় কাজ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষকে বলার পরও কাজ হয়নি। পোশাক কারখানাগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে এ ভাগাড় সরিয়ে নেওয়ার বিকল্প নেই।
গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশনের নির্ধারিত জায়গা পেরিয়ে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে এফআইডিসি সড়কের ওপরেও। নোংরা পানিতে সয়লাব হয়ে গেছে সড়কের এক পাশ। লোকজনকে নাক-মুখ চেপে সড়ক পার হতে হচ্ছে। আবর্জনা ও ভাগাড়ের নোংরা পানি চলে এসেছে নাথপাড়ার বসতবাড়ির কাছেই।
নাথপাড়ার বাসিন্দা আলো নাথ, লাকী নাথ বলেন, ‘ময়লা-আবর্জনা ফেলার পর থেকে কেউ না কেউ চর্মরোগ, জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। বৃষ্টির সময় দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়। স্থায়ী বাসিন্দা হওয়ায় আমাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই।’ একই পাড়ার দশম শ্রেণির ছাত্রী তানসি নাথ বলে, বৃষ্টির সময় বাড়ির সামনে ময়লা পানি জমে থাকায় স্কুলে যেতে কষ্ট হয়। নাথ পাড়া লাগোয়া কমিশনার বাড়ির বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, আবর্জনা ফেলার কারণে এলাকার অন্তত চারটি জলাশয়ের পানি নষ্ট হয়ে গেছে।
সিটি করপোরেশনের ভাগাড়ের পাশে একটি রেস্তোরাঁয় কর্মরত মোহাম্মদ রুবেল বলেন, সাত মাস আগে রেস্তোরাঁয় কাজ নেন। ময়লা-আবর্জনার উৎকট গন্ধে কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। ব্যবসায়ী জানে আলম ও মোহাম্মদ সোহেল বলেন, ময়লার গন্ধে ব্যবসা করাই দায়। খোদ করপোরেশনের লোকজন এ গন্ধ সহ্য করতে পারেন না। সেখানে সাধারণ লোক কী অবস্থায় আছেন চিন্তা করেন। তাঁরা বলেন, ময়লা না ফেলার জন্য সিটি করপোরেশন, স্থানীয় সাংসদ মঈন উদ্দীন খান বাদল ও কাউন্সিলরদের একাধিকবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
এলাকার সেলুন মালিক কানু দাশ প্রথম আলোকে বলেন, ভাগাড়ের দুর্গন্ধের কারণে তাঁর দোকানে ক্রেতার সংখ্যা কমে গেছে। তাঁর ব্যবসার ক্ষতি হচ্ছে। তিনি বলেন, দুর্গন্ধ সহ্য করতে না পেরে পাশের পাঁচ দোকানি কিছুদিনের জন্য দোকান বন্ধ করে দিয়েছেন।