কালুরঘাটে কর্ণফুলীতে সেতুর দাবি
চট্টগ্রামের কালুরঘাট এলাকায় কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ।
গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, ১৯৩০ সালে ব্রিটিশ আমলে নির্মিত রেলসেতুটি পূর্ণাঙ্গ সেতু নয়। অথচ এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। ৮৫ বছরের পুরোনো সেতুটিতে বিভিন্ন সময় সংস্কারকাজ করা হলেও সেটি নাজুক অবস্থায় আছে।
স্মারকলিপিতে বলা হয়, কালুরঘাট এলাকায় আরেকটি সেতু নির্মাণ করা হলে বান্দরবানের সঙ্গে যোগাযোগ ও চট্টগ্রামে কৃষিপণ্য পরিবহন সহজ হবে।
স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. আবদুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম, সদস্যসচিব রমেন দাশগুপ্ত ও সদস্য অমল কান্তি নাথ।