কালুরঘাটে ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে ১০টি অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ, কালুরঘাটের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুর রহমান, সহকারী প্রকৌশলী নুরুল আমিন।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও খেলাপি বিদ্যুৎ গ্রাহকের বকেয়া আদায়ের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ, কালুরঘাটের আওতাধীন মৌলভীপুকুরপাড়, গাবতলা, সুলতান শাহ মাজার এলাকা এবং খাজা রোড ও কোলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে তাৎক্ষণিকভাবে ১০ জনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় হিটার ও ফ্যানসহ অবৈধভাবে ব্যবহূত বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম।