কালেঙ্গার সেই বিট কর্মকর্তা প্রত্যাহার
রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের কালেঙ্গা বিটের (বন এলাকা) বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা দেলওয়ার হোসেন টেলিফোনে প্রথম আলোকে জানান, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও কাটা গাছের মোথা (গাছের গুঁড়ি) অপসারণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়। তা ছাড়া তিনি স্বাভাবিক বদলি সময়ের চেয়ে বেশি দিন ধরে ওই এলাকায় কর্মরত ছিলেন।গত বছরের ৪ ডিসেম্বর ‘রেমা-কালেঙ্গায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে, বনের খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ছে’ শিরোনামে প্রথম আলোয় একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে কালেঙ্গা বিটের কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ গাছচোর ও জঙ্গল-দস্যুদের সঙ্গে সম্পৃক্ততা, কাঠ নিলাম নিয়ে ক্রেতাদের সঙ্গে যোগসাজশ ও গাছের মোথা তুলে নেওয়ার জন্য চোর চক্রকে ব্যবহারের অভিযোগ উঠে আসে।এরপর একজন ম্যাজিস্ট্রেট, বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক ও একজন ফরেস্ট রেঞ্জারের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বন বিভাগ। তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত অবহিত হয়ে প্রতিবেদন জমা দেয় সিলেট বন বিভাগের বনসংরক্ষক মোহাম্মদ ইউনুস আলীর কাছে। এরপরই মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়।বর্তমানে কালেঙ্গা বিটের ফরেস্টার নজরুল ইসলামকে বিট কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।