কালের কণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিযুক্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অদক্ষতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জাতীয় দৈনিক কালের কণ্ঠর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এই অভিযোগ এনেছেন।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে আংশিক শুনানি হয়। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৮ মে দিন ধার্য করা হয়েছে। ১১ মে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত ‘অদক্ষ প্রসিকিউশনের কর্মকাণ্ড, দ্রুত বিচার করতে বাধা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১-এ আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী রাষ্ট্রপক্ষের বাকি কৌঁসুলিদের নিয়ে কালের কণ্ঠর প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, কৌঁসুলিদের দক্ষতা নিয়ে কালের কণ্ঠ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। আদালতকে হেয়প্রতিপন্ন করার জন্যই ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
শুনানিতে মোহাম্মদ আলী ট্রাইব্যুনালে কালের কণ্ঠর প্রতিবেদনটি পড়ে শোনান। কৌঁসুলি আরও বলেন, এ প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রতিবেদক সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার সাংবাদিকদের নেই। শুনানিতে প্রতিবেদনের কোথায় আদালত অবমাননা করা হয়েছে, ট্রাইব্যুনালের এ প্রশ্নে কৌঁসুলি সুনির্দিষ্ট কোনো জবাব দেননি। পরে শুনানি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ২৮ মে পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।