কালো ধোঁয়া আর দুর্গন্ধময় পরিবেশে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাস্তা পিচঢালাই করার জন্য বিটুমিন ও পাথর মিশ্রণের কাজ চলছে। ফলে মিশ্রণযন্ত্রের উচ্চ শব্দ এবং বিটুমিনের কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক আবুল হোসেন বলেন, বিটুমিন মিশ্রণের কালো ধোঁয়া ও দুর্গন্ধ শরীরের জন্য খুবই ক্ষতিকর। এ ছাড়া উচ্চ শব্দ কান ও মস্তিষ্কের জন্য ক্ষতির কারণ।

বিদ্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার ঠিকাদারি প্রতিষ্ঠান মাদানী এন্টারপ্রাইজ গ্রামীণ রাস্তা পিচকরণের প্রয়োজনে সপ্তাহ খানেক আগে ওই বিদ্যালয়ের মাঠে পাথর, বালু ও বিটুমিনের বিশাল মজুত গড়ে তুলেছে। গত শুক্রবার থেকে সেখানে বিশাল চুল্লি তৈরি করে ড্রামে বিটুমিন গলানোর কাজ চলছে। পাশাপাশি চলছে মিশ্রণযন্ত্রে (অ্যাসফল্ট প্ল্যান্ট) পাথর, বালু ও বিটুমিন মেশানোর কাজ।

গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, আগুনের তাপে বিটুমিন গলে তরল হওয়ার পাশাপাশি উড়ছে কালো ধোঁয়া। শ্রমিকেরা জ্বালানি হিসেবে রাবার ব্যবহার করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। মিশ্রণ যন্ত্রের বিকট শব্দে কান ঝালাপালা অবস্থা। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে দরজা ও জানালা বন্ধ করে পাঠদান চলছে।

পঞ্চম শ্রেণির ছাত্রী পারুলা খাতুন বলে, ‘পিচের কালো ধুমোর সাথে গুঁড়ো গুঁড়ো ময়লা উড়ে ক্লাসে ঢোকে। দম বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়। সেই সাথে বিকট শব্দে স্যারদের পড়ানো শোনা যায় না।’ দ্বিতীয় শ্রেণির ফরজ আলী ও ইথুলি খাতুন জানায়, মাঠে রাস্তা তৈরির উপকরণ রাখায় তাদের খেলাধুলা বন্ধ রয়েছে।

বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ের শিশুরা অস্বস্তিকর অবস্থায় রয়েছে।

খাদিমপুর গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীর অভিভাবক আবদুর রাজ্জাক বলেন, ঠিকাদারের খামখেয়ালিপনায় বিদ্যালয় ও আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে পড়েছে।

প্রধান শিক্ষক রাশিদুল করিম বলেন, ঠিকাদার বা তাঁর কোনো প্রতিনিধিই বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলেই এসব করছেন। বিদ্যালয়ে মোট ৪৮৩ জন শিক্ষার্থী ও নয়জন শিক্ষক রয়েছেন। কালো ধোঁয়া ও ধুলাবালিতে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।

মাদানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল আহমেদের মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।