কালো লেজ জৌরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁদের রশিতে কালো লেজ জৌরালি l ছবি: তানভীর খান
ফাঁদের রশিতে কালো লেজ জৌরালি l ছবি: তানভীর খান

কৃষক তাঁর ধানখেতের এক পাশে কয়েক গুচ্ছ ধানগাছ না কেটে রেখে দিয়েছিলেন বীজ ধানের জন্য। একদিন টের পেলেন, অধিকাংশ ধানই চিটা হয়ে গেছে। অতএব, এক গোধূলি বেলায় আগুন জ্বেলে দিলেন। পোড়া নাড়ার ছাইয়ে খেতের উর্বরতা শক্তি বাড়ে।
সন্ধ্যা নামল, আগুনও নিভল। পাখি শিকারিরা আশপাশের বিলে ‘হাঁটা-ফাঁদ’ বিছিয়ে রাখে। এর ওপর দিয়ে পাখিরা হেঁটে যাওয়ার সময় পা আটকে যায় ফাঁস-ফাঁদে। এক পাখি শিকারির মেয়ে বাড়ি থেকে বাবার ১৬ ফুট বাই ১০ ফুটের কারেন্ট জালের ফাঁদটা এনে বিছিয়ে দিল আগুনপোড়া খেতে। মেয়েটি জানে, এ রকম আগুনপোড়া খেতে ভোরবেলায় নামে ঘুঘু-শালিক-নীলকণ্ঠ ও চ্যাগাজাতীয় পাখিরা।
ভোরে ওই ফাঁদের ওপর দিয়ে হাঁটার সময় জালের ফাঁসে লম্বা একখানা পা আটকে গেল একটি চ্যাগাজাতীয় পাখির। বিপদ বুঝে লম্ফঝম্ফ করে পুরো শরীরে মাখিয়ে নিল শিশিরসিক্ত ছাইকাদা। ভোরেই খবর পেয়ে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের আমরা পাঁচজন ঘটনাস্থলে গেলাম। হেমন্তকালীন পাখি পর্যবেক্ষণের জন্য আমরা সাতক্ষীরা শহরেই ছিলাম। ঘটনাটি গত ১৭ নভেম্বরের। সাতক্ষীরা শহরের পাশেই। পাখিটির যাবতীয় তথ্য রেকর্ড করে পাখিটিকে দিলাম ছেড়ে। উড়াল দিয়েই ও ডাকল ‘টেংকু, টেংকু’। যেনবা থ্যাঙ্ক ইউ বলল আমাদের।
লম্বা দুটি পা ও লম্বা ঠোঁটের এই পাখির নাম কালো লেজ জৌরালি। অবশ্য, ওদের লম্বা ঠোঁটটিকে তৃতীয় পা বলা চলে অনায়াসে। কেননা, বিশ্রামের সময় মাটিতে বসে ওরা ঠোঁটে ভর করে মাথাটা সোজা রেখে ঘুমায়-ঝিমায়। আবার, এক পায়ে ভর করে পিঠ বা মাটিতে ঠোঁট ঠেকিয়ে বিশ্রামও করে। দেখতে সুন্দর লাগে।
পাখিটির ইংরেজি নাম Black-tailed Godwit। বৈজ্ঞানিক নাম Limosa limosa। মাপ ৪৫ সেন্টিমিটার। ওজন ২৪০-৪০০ গ্রাম। পেট ও লেজের তলা সাদা। বাকি শরীর এক নজরে লালচে-হলুদাভ, লম্বা ঠোঁটটির আগা কালো। লেজটিও কালো। মূল খাদ্য জলকাদার ভেতরের সাদা সুতোপোকা, কেঁচো ও কেঁচোজাতীয় প্রাণী, পোকা, কুচো চিংড়িসহ অন্যান্য জলজ পোকা। নান্দনিক ভঙ্গিতে এরা লম্বা ঠোঁটটি জলকাদার ভেতরে সেঁধিয়ে দেয়, প্রয়োজনে মুখ-মাথাও। তারপর এপাশে-ওপাশে বা বৃত্তাকারে ঘুরে ঠোঁট চালায়। ঘাসফড়িং বা ব্যাঙের বাচ্চা ধরতে এরা শুকনো জায়গায়ও চরে। এরা উড়তে পারে ঝট করে, নামতেও পারে দ্রুতবেগে, মাটিতে নেমেই স্থির হতে পারে। জলকাদার ভেতরে হাঁটার সময় পায়ের তলায় শিকার পড়লে পা দিয়ে তুলেই ঠোঁটের আগায় ধরে। নুডলস খাওয়ার মতো করে এরা কেঁচো গেলে।
পরিযায়ী এই পাখি বাংলাদেশে দেখা যায় আশ্বিন থেকে মাঘ মাস পর্যন্ত। এরা জলাভূমি, নদীর চর ও হাওর-বাঁওড়ে চরে বেড়ায়।