কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালোটাকার প্রভাব ঠেকাতে গ্রামে পাহারা বসিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। কেউ যাতে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করতে না পারেন, সে জনই এ ব্যবস্থা নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। আজ রোববার উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের ভোট গ্রহণ করা হবে।
হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল আলম, বিএনপির প্রার্থী জোনায়েদ আলী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন নুর আহমদ আনোয়ারী। তিনি বর্তমান চেয়ারম্যান ও জামায়াত-সমর্থিত প্রার্থী।
নুর আহমদ আনোয়ারী বলেন, ‘নির্বাচনে কালোটাকার বিপক্ষে আমি। কয়েকজন প্রার্থী কালোটাকা ছিটানো শুরু করেছেন জানতে পেরে আমার কিছু সমর্থক ও ভোটার পাড়া-মহল্লায় পাহারা দিচ্ছেন।’
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল আলম বলেন, টাকা দিয়ে ভোট কেনার অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এলাকার যুবসমাজের দু-তিনটি করে দল রাত জেগে এলাকাভিত্তিক পাহারায় নিয়োজিত রয়েছে। তিনি অভিযোগ করেন, নারী ভোটারদের নাকের ফুল ও কানের দুল দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে।
বিএনপির প্রার্থী জোনায়েদ আলী চৌধুরী বলেন, ‘ক্ষমতার দাপট দেখিয়ে ভোটারদের কালোটাকা দিয়ে কেউ যাতে প্রভাবিত করতে না পারে, সে জন্য টাকার বস্তাসহ আটক করতে পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছি।’
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আবসার বলেন, প্রথম দফায় এ দুটি ইউনিয়নের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল ২২ মার্চ। কিন্তু সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে ২৭ মার্চ ভোট গ্রহণ করা হচ্ছে।
হ্নীলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী এইচ কে আনোয়ার, বিএনপির প্রার্থী জাফর আলম, স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আহমদ ও জাহির আহমদ। ভোট কেনাবেচা ঠেকাতে এই প্রার্থীদের লোকজনও পাহারা দিচ্ছেন। শুক্রবার দিবাগত রাত থেকে প্রচার-প্রচারণা শেষ হওয়ায় বিভিন্ন দলে ভাগ হয়ে প্রার্থীদের সমর্থক ও কর্মীরা এ কাজ করছেন।।
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এইচ কে আনোয়ার বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাঁরা ইয়াবার কালোটাকা দিয়ে ভোট কেনা শুরু করে দিয়েছেন। কিন্তু আমি ভোটারদের ভালোবাসা নিয়ে বিজয়ী হতে চাই, টাকার বিনিময়ে নয়।’
বিএনপির প্রার্থী জাফর আলম বলেন, ‘হুমকি-ধমকির পাশাপাশি ভোটারদের টাকা দিয়ে অনেকে প্রভাবিত করছেন। প্রচারণার শেষ মুহূর্তে এসে যাতে টাকা দিয়ে ভোট কিনতে না পারে, সে জন্য এলাকার অলিগলিতে লাঠিসোঁটা নিয়ে আমার কর্মী-সমর্থকেরা অবস্থান করছে।’
সুশাসনের জন্য নাগরিক—সুজনের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, এলাকার লোকজন এখন অনেক সচেতন। কালোটাকার মালিকদের প্রতিহত করার জন্য এসব পাহারা দলকে সাধুবাদ।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, ‘দুটি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় রাতে প্রার্থীদের লোকজন পাহারা দিচ্ছে বলে শুনেছি। সে কারণে পুলিশের টহলও জোরদার করা হয়েছে। টাকাসহ কাউকে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’