কালোটাকার চাপে বাস চলাচলে কোম্পানি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোকে কয়েকটি কোম্পানির আওতায় আনার চেষ্টা এগোচ্ছে না। এ জন্য কালোটাকার দৌরাত্ম্যকে দায়ী করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

গতকাল বৃহস্পতিবার গুলশানের দূতাবাস এলাকায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলাকালে মেয়র বলেন, এখন ঢাকা শহরে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএর নিবন্ধন করা বাসের সংখ্যা ৬ হাজার ৩৯১টি। মালিকপক্ষ দাবি করে, বাস চলে পাঁচ থেকে সোয়া পাঁচ হাজারের মতো। এই বাসগুলোকে ৬ থেকে ৭টি কোম্পানির আওতায় আনার জন্য গত দেড় বছরে তিনি অন্তত ২৬টি বৈঠক করেছেন বলে দাবি করেন মেয়র। তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে এই খাতে হাজার কোটি টাকার ব্ল্যাক মানি অপারেট করছে। মালিকেরাই আমাদের বলেছেন যে এখানে অনেকের স্বার্থ আছে, যাঁরা চান না এই পরিকল্পনা বাস্তবায়ন হোক।’

তবে আর দু-একটি বৈঠকের মধ্যেই এ সমস্যার সমাধান হয়ে যাবে—এমন আশ্বাস দিয়ে মেয়র বলেন, ‘আমরা মোটামুটি একটা বোঝাপড়ায় এসেছি। ঢাকায় চলাচলকারী বাসগুলোর মালিক প্রায় ২০০ জন। আমরা তাঁদের এই প্রক্রিয়ার বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কেও ধারণা দিয়েছি। তাঁদের বলেছি, মানুষ ভুগছে। আপনারা তাদের স্বার্থও দেখেন।’

মেয়র আনিসুল হক আরও বলেন, যদি রুট নির্দিষ্ট করে এই বাসগুলোকে কোম্পানির আওতায় আনা যায়, তাহলে এক বাসের সঙ্গে আরেক বাসের মারামারি থাকবে না। একটা শৃঙ্খলা আসবে।

একই সঙ্গে ঢাকায় আরও চার হাজার বাস নামানোর প্রসঙ্গে মেয়র বলেন, ‘চার হাজার বাস নামানো মুখের কথা না। আমাকে বলা হয়েছে ৪ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা করতে। আগামী দেড়-দুই বছরে পর্যায়ক্রমে নতুন বাসগুলো কেনা হলে এবং পুরোনো এক-দেড় হাজার বাস তুলে দিলে আশা করি গণপরিবহনের আর কোনো সমস্যা থাকবে না।’