গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘কালোটাকা ও ক্যাডারনির্ভর রাজনীতি যারা করে, তারা গণতন্ত্রের গ-ও বোঝে না। তারা ষোল আনা অগণতান্ত্রিক। এসব পচা লোকের পচা রাজনীতি থেকে আমরা মুক্তি চাই।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সনির দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন৷ সনি মেমোরিয়াল ফাউন্ডেশন ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এ সভার আয়োজন করে৷ কামাল হোসেন সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান৷
২০০২ সালের ৮ জুন টেন্ডারবাজি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে সনি নিহত হন।
সভাপতির বক্তব্যে কামাল হোসেন বলেন, সন্ত্রাস-সহিংসতা মহামারি আকার ধারণ করেছে। এই রোগ গ্রামে গ্রামে হুমকি হিসেবে পৌঁছে গেছে। তিনি বলেন, ‘নীতি ছাড়া রাজনীতি হয় না, গণসম্পৃক্ততা না থাকলে তা গণতন্ত্রই না।’ পচা লোকের পচা রাজনীতি থেকে বের হতে না পারলে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করা সম্ভব না-ও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷
আলোচনা সভার প্রধান অতিথি বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হিসেবে কেউ ভালো কাজ করতে চাইলেও তাকে দমন করা হচ্ছে। বর্তমান তরুণ প্রজন্মই পারে পরিবর্তন আনতে। কিন্তু তাঁদের ভালো পরামর্শক প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, অভিভাবকের আদেশমতো চললে কোনো শিক্ষার্থী হলের সিট পাবে না, ক্যাম্পাসে ঢুকতে পারবে না। তাদের শুনতে হবে দাদা, ডন বা গডফাদারদের কথা। ছাত্রসংগঠনগুলোকে ‘কৃপার দাস’ করে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই দেশ, সমাজ ও রাষ্ট্রই শিক্ষার্থীদের সুন্দরভাবে গড়ে তুলতে দিচ্ছে না।
সনির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া আবেগঘন বক্তব্যে বলেন, ‘সনি মারা যাওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, একবার ক্ষমতায় আসি, দেখেন আমার শাসন কী হয়। কিন্তু আপনি যে শাসন উপহার দিয়েছেন, তাতে বলতে বাধ্য হচ্ছি, জনগণের জন্য সুন্দর বাংলাদেশের উপহার দেওয়ার কোনো বৈশিষ্ট্যই আপনার নেই।’
এর আগে সকালে বুয়েট ক্যাম্পাসে সনির স্মৃতিফলকে শ্রদ্ধা জানান বিশিষ্ট নাগরিক, শিক্ষক-শিক্ষার্থী, সনির পরিবার ও অভিভাবক পরিষদের সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ করে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন, বাংলাদেশ নাগরিক সমাজ, বুয়েট ছাত্রলীগ, বুয়েট শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন। এ সময় এসব সংগঠনের নেতারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন তাঁরা।