কালোত্তীর্ণ নেতা

শ্রমিক আন্দোলনের পুরোধা জননেতা জহুর আহমদ চৌধুরী। আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা জীবনের পুরোটা ময় ব্যয় করেছেন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে। ১ জুলাই তাঁর ৪১তম মৃত্যুবার্ষিকী। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন মুক্তিযোদ্ধা অমল মিত্র
৬ দফার মধ্যে এ দেশের মৌলিক মানবাধিকার থাকার কারণে এ আন্দোলন গ্রীষ্মের দাবদাহের মতো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনের ঢেউ শহর ছেড়ে গ্রাম-গ্রামান্তরে পৌঁছে। ধর্মান্ধতার নামে পাকিস্তানিদের শোষণ–প্রক্রিয়ার ব্যূহে চরম আঘাত হানে ৬ দফা। এই অভূতপূর্ব জনজাগরণ সৃষ্টির পেছনে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের অন্যতম আলোচিত চরিত্র জহুর আহমদ চৌধুরী। সহজ, সরল মতবাদে বিশ্বাসী বলে দাম্ভিকতা, কর্তৃত্বপরায়ণতা তাঁকে স্পর্শ করতে পারেনি। মহৎ, যুক্তিবাদী এবং প্রজ্ঞাবান, যুগোত্তীর্ণ, কালোত্তীর্ণ, আপসহীন নেতা ছিলেন তিনি। গত শতাব্দীর মাঝামাঝিতে বিপ্লব তীর্থ চট্টল রাজনৈতিক অঙ্গনে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের স্বর্ণদ্বার উন্মোচন করতে গিয়ে ক্ষণিকের জন্যও শান্তি, স্বস্তি, আনন্দ, প্রাচুর্য তাঁকে পরাভূত করতে পারেনি। এই মহান মানবতাবাদী নেতা ও রাজনীতির বিচক্ষণ ব্যক্তিত্বকে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল আমাদের। স্টেশন রোডের রেস্ট হাউসের স্থায়ী ঠিকানায় তাঁকে জ্ঞান অন্বেষণে নিবিষ্ট থাকতে দেখেছি। তিনি প্রায় সময় বলতেন, সকল নীতির ঊর্ধ্বে রাজনীতি, যা অন্য নীতি–নির্ধারণের নিয়ামক। বক্তৃতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে যা বলতেন তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেন।
১৯৬৮ সালের প্রথম দিকে আমার রাজনৈতিক জীবন শুরু এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মৌলভী সৈয়দের হাত ধরে। মৌলভী সৈয়দ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে জিয়ার ফাঁসিকাষ্ঠে প্রাণ দেন। শিক্ষা, শান্তি ও প্রগতির মন্ত্রে দীক্ষিত হয়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগে যোগদান করি। তখন আমি আলকরণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলাম। ছাত্রনেতা দ্বয়ের বদৌলতে জহুর ভাইয়ের সংস্পর্শ পাওয়া আমার জন্য সহজ হয়। তাঁর সঙ্গে নগরের অলিগলি থেকে থানা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের ভিত প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন সভা-সমিতিতে তাঁর ৬ দফার বিষয়বস্তু সমন্বিত আবেগময়ী ভাষণ শুনেছি। মন্ত্রমুগ্ধের মতো ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম, সময় সে কোথা দিয়ে চলে যেত টেরই পেতাম না। তাঁর এই ভাষণের সঠিক মর্মার্থ হৃদয়ঙ্গম করার মতো শিক্ষা, বয়স এবং যোগ্যতা কোনোটাই তখন আমার ছিল না। চট্টগ্রামের রাজনীতিতে সে সময়ে নবজাগরণের অগ্রদূতই বলা উচিত তাঁকে। শুনেছি শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হকসহ আওয়ামী লীগ প্রতিষ্ঠায় জহুর আহমদ চৌধুরীর সক্রিয় ভূমিকা ছিল।
আওয়ামী রাজনীতি ছাড়াও তিনি পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন। শ্রমিকদের অভিভাবক বলা চলে তাঁকে। শ্রমিকদের সঙ্গে প্রতারণা করার জন্য মালিকেরা নানান সময়ে তাঁকে উপঢৌকন মোটা অঙ্কের অর্থ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে বশে নেওয়ার চেষ্টা করতেন। কোনো সময়ে তাঁকে পারচেজ করা সম্ভব হয়নি। ৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি মুসলিম লীগের খ্যাতিমান প্রভাবশালী নেতা রফিউদ্দিন সিদ্দিকীকে ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করেন। শ্রমিকদের অবদানে ৭০-এর নির্বাচনেও তিনি জয়যুক্ত হন। ৫৪ এবং ৭০-এর নির্বাচনের পূর্বে ভয়াবহ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপাঞ্চলগুলোতে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। দেশের সেই সংকটময় মুহূর্তে তিনি চট্টগ্রাম থেকে ১০ ট্রাক রিলিফসামগ্রী নিয়ে নোয়াখালীর চর জব্বর, চর আলেকজান্ডারসহ দুর্গত অঞ্চলে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সঙ্গে ছিলাম আমি, বার্মা ইস্টার্নের মরহুম শামসুল, আবু তালেব, শফিউল বশরসহ আরও ২–৩ জন। স্বাধীনতার পর সংসদের স্পিকার আবদুল মালেক উকিল জহুর ভাইয়ের এই অবদানের কথা সংসদে এবং দেশের বিভিন্ন জনসভায় প্রায় বলতেন।
বিএলএেফ উচ্চতর ট্রেনিংয়ের জন্য মণি ভাই, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস মাখন, মান্নান ভাই আমাদের রিক্রুট করে জাফলং-এ পাঠায়। ট্রেনিং শেষে আগরতলায় আসি। আগরতলা থেকে আমাদের দেশে ফেরার পথে আমি শফিউল বশরসহ আরও কয়েকজন আমাদের প্রিয় নেতা জহুর আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে যাই। তখন তিনি ইস্টার্ন জোনের চেয়ারম্যান। বিদায় মুহূর্ত ছিল হৃদয়বিদারক। অশ্রুসজল নেত্রে আমাদের বিদায়কালে তিনি উদার প্রাণে আশীর্বাদ করলেন। উপদেশ দিলেন, যা রণাঙ্গনে প্রতি পদক্ষেপে প্রেরণা ও সাহস জুগিয়েছিল। তিনি আমাদের অন্তরের অন্তস্তলে চিরভাস্বর হয়ে থাকবেন।