কালো আইন বাতিল করে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনেই পাস করে জাতিকে দায়মুক্ত করতে হবে। ১৫ আগস্ট কিংবা ২১ আগস্টের এটিও একটি কলঙ্কজনক অধ্যায়। এ সংক্রান্ত কালো আইন সংশোধন করে কালিমা থেকে জাতিকে মুক্তি দেওয়ার এখনই সময়।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় সাংসদ, বিচারপতি ও সুশীলসমাজের প্রতিনিধিরা অংশ নেন। সম্মিলিত সামাজিক আন্দোলন, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট সভার আয়োজন করে।বক্তরা বলেন, প্রস্তাবিত আইনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুসারে অর্পিত সম্পত্তির সংজ্ঞা নির্ধারণ করতে হবে। ওই রায় অনুসারে ১৯৭৪ সালের ২৩ মার্চের শুমারি অনুসারে অর্পিত সম্পত্তির গেজেট প্রকাশ করতে হবে। এই গেজেটের তালিকাবহির্ভূত সব সম্পত্তিকে রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে অবমুক্ত করতে হবে। একই সঙ্গে জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে মামলাগুলো নিষ্পন্ন করার বিধান করতে হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। আলোচনাপত্রটি উপস্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তোবারক হোসেন।আলোচনা সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদের আসন্ন অধিবেশনেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনটি পাস করতে হবে। তাই নতুন করে বিল আনার দরকার নেই। বর্তমানে সংসদে থাকা বিলটিকেই সবার মতামত সহকারে সংসদে পাস করা যেতে পারে। তিনি বলেন, নতুন করে আবার একটি বিল আনতে গেলে আমলাতন্ত্রের মারপ্যাঁচে পড়ে আবার আটকে যাবে।সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, এই আইন নিয়ে কোনো মতভেদ নেই, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মত অভিন্নই হয়। এরপর সংসদে আবার মতৈক্যের ভিত্তিতে বিলটি পাস করলে এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ আইন হলে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন তাঁরাই নানাভাবে এটিকে আটকে দেওয়ার চেষ্টা করেন। ৪০ বছর ধরে তাঁরা এ আইনের রস খাচ্ছেন।ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, এই কালো আইনের কারণে বহু পরিবার বিপন্ন হয়ে আছে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে ভূমি মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগী হয়ে ইতিমধ্যে আইন পাসের জন্য কাজ শুরু করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, মানবতাবিরোধী এই কালো আইনটি মৃত আইন হলেও দীর্ঘদিন একে বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ মহলের হীন স্বার্থে। তাই এখনই সময়, এই কালো আইনকে বাতিল করে সত্যিকার মালিকের হাতে জমি ফিরিয়ে দিতে হবে।বিচারপতি গোলাম রব্বানী বলেন, এই কালো আইন বাতিল এখন সবার দাবি। এ জন্য আর এক মুহূর্ত সময়ও নষ্ট করার সুযোগ নেই। সংসদ ও সরকারকে এ ব্যাপারে উদ্যোগী হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।আলোচনায় আরও অংশ নেন রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, খুশী কবির, সঞ্জীব দ্রং, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।