গাড়িতে কালো কাচ নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজ বুধবার হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর পক্ষে রিট আবেদনটি করা হয়।
আগামী রোববার এর ওপর শুনানি হতে পারে। আবেদনকারীদের কৌঁসুলি মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ও একলাস উদ্দিন ভূঁইয়ার পক্ষে রিট আবেদনটি করা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি দাখিল করা হয়েছে। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কালো কাচের মাইক্রোবাস ব্যবহারের অভিযোগ ওঠার পর মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে ১০ মের মধ্যে কালো কাচ খুলে ফেলতে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ ৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই আদেশে বলা হয়, অপহরণসহ অপরাধ কর্মকাণ্ড পরিচালনার সময় অপরাধীরা কালো, রঙিন, মার্কারি ও অস্বচ্ছ কাচযুক্ত গাড়ি ব্যবহার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে গাড়ির আরোহী বা ভেতরে রাখা বস্তু শনাক্ত করা, অপরাধীদের গতিবিধির ওপর নজর রাখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমস্যা হয়৷ এ জন্যই কৃত্রিম আবরণ অপসারণের এই আদেশ দেওয়া হয়েছে৷
রিট আবেদনে ওই সিদ্ধান্ত কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল বিচারাধীন থাকা অবস্থায় ৬ মে সরকারের নেওয়া ওই সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনারসহ (ট্রাফিক) পাঁচজনকে বিবাদী করা হয়েছে।