কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালিকাদোয়া খাল থেকে সরকারি লোকজনের মাছ ধরার প্রতিবাদে দুর্গাপূজা উদ্যাপন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা শ্রীশ্রীসিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দির কমিটি।
গতকাল রোববার সকালে তারা এই ঘোষণা দেওয়ার পর মূর্তিগুলো কালো কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়।
এদিকে গতকাল বিকেলে নলডাঙ্গা রাজবাড়ি পূজামণ্ডপ প্রাঙ্গণে মন্দির কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। নলডাঙ্গা বাজারের পাশেই সিদ্ধেশ্বরী মন্দির। মন্দির থেকে প্রায় ১০০ মিটার দূরে কালিকাদোয়া খাল।
সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, কালিকাদোয়া দেবোত্তর সম্পত্তি। আদালতে এ নিয়ে মামলা চলছে। আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে মাছ ধরা হয়েছে। তাই তাঁরা পূজা বন্ধ করতে বাধ্য হয়েছেন।
স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সিএস রেকর্ডে ৩৭২ নম্বর খতিয়ানের ২৪৬ দাগের নয় একর জমি ছিল, যার শ্রেণি প্রঃ কালিকাদোয়া। এসএ রেকর্ডে এটি চলে যায় সরকারের ১ নম্বর খতিয়ানে। সর্বশেষ আরএস রেকর্ডেও ওই জমি ১ নম্বর খতিয়ানে রেকর্ড হয়। দাগ পরিবর্তন হয়ে ৬৭ নম্বর দাগে জমির শ্রেণি হয় নদী।
সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অতুল অধিকারী বলেন, কালিকাদোয়া দেবোত্তর সম্পত্তি।
মন্দির কমিটি তৎপর না থাকায় এসএ ও আরএস রেকর্ডে এটি সরকারের নামে চলে যায়। এখন তাঁরা রেকর্ড সংশোধনের মামলা করেছেন। মামলাটি চলছে। তিনি দাবি করেন, মন্দির কমিটির পক্ষ থেকে মাছ ছাড়া হয়েছে। এখন সরকারের লোকজন মাছ ধরে বিক্রি করছেন।
সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, এই জমি নিয়ে দুটি মামলা চলছে। একটি করেছে মন্দির কমিটি। তাদের দাবি, এটা দেবোত্তর সম্পত্তি। অন্য মামলাটি করেছেন জনৈক প্রদ্যুত ঠাকুর।
প্রদ্যুত ঠাকুরের দাবি, উত্তরাধিকার সূত্রে তাঁরাই এই জমির মালিক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওসমান গনি বলেন, আদালতে কোনো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির মালিক সরকার। তাই সরকারের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারি কর্মকর্তাদের।
ওসমান গনি বলেন, মাছ ধরার বিষয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। তাই তাঁরা মাছ ধরে সরকারি কোষাগারে ১২ হাজার ৬২৫ টাকা জমা দিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নাইন বলেন, বিষয়টি নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা আশা করছেন, পূজা হবে। কোনো সমস্যা হবে না।