কালো কালি দিয়ে লাল কালি ঢাকলেন সেই সমবায় কর্মকর্তা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সমবায় কর্মকর্তা রবীন্দ্র কুমার পাল গত বুধবার কর্মস্থলে যোগ দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ৭ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত কর্মস্থলে তিনি অনুপস্থিত ছিলেন। বিষয়টি জানতে পেরে সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন ওই কার্যালয়ের এমএলএসএসকে হাজিরা খাতায় লাল কালির চিহ্ন দিয়ে রবীন্দ্র কুমারকে অনুপস্থিত দেখানোর নির্দেশ দেন।রবীন্দ্র কুমার পাল গত বুধবার কর্মস্থলে গিয়ে হাজিরা খাতায় অনুপস্থিতির লাল কালির চিহ্ন কালো কালি দিয়ে ঢেকে উপস্থিতির স্বাক্ষর করেন। রবীন্দ্র কুমার এভাবে স্বাক্ষর করার সত্যতা স্বীকার করেছেন।এ ব্যাপারে আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘ওই কার্যালয়ে গিয়ে রবীন্দ্র কুমার পালের কালো কালি দিয়ে লাল কালি ঢেকে দেওয়ার বিষয়টি দেখেছি। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’