কালো কোট রাস্তায় ফেলে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দন সরকারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নাটোরের আইনজীবীরা কালো কোট রাস্তায় ফেলে মানববন্ধন করেছেন। ছবি: মুক্তার হোসেন
চন্দন সরকারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নাটোরের আইনজীবীরা কালো কোট রাস্তায় ফেলে মানববন্ধন করেছেন। ছবি: মুক্তার হোসেন

নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকার হত্যা মামলার অভিযুক্ত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নাটোরের আইনজীবীরা তাঁদের পেশাগত পোশাক কালো কোট রাস্তায় ফেলে রেখে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে নাটোর বার ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, চন্দন সরকারকে অপহরণের পর হত্যা করার প্রতিবাদে নাটোর বার ভবনের সামনে আইনজীবীরা মানববন্ধন করেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার, জ্যেষ্ঠ আইনজীবী সুশান্ত কুমার, আবদুল কাদের ও লোকমান হোসেন বক্তব্য দেন।
রুহুল আমীন তালুকদার বলেন, ‘শুধু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চন্দন সরকার দুর্বৃত্তদের রোষানলে পড়েছেন। তাঁকে প্রকাশ্যে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনজীবী হিসেবে আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। এ কারণে আজ আমরা আমাদের পেশাগত পোশাক কালো কোট রাস্তায় ফেলে রাখতে বাধ্য হয়েছি। এর মাধ্যমে আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি। সরকারের কাছে আমরা অবিলম্বে আইনজীবী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’