সিতারা পারভীন স্মারক বক্তৃতায় বক্তারা
কালো টাকার মালিকদের নিয়ন্ত্রণে থেকে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব
গণমাধ্যমের মালিকানার ধরন পাল্টে যাওয়ায় রেডিও, টেলিভিশন বা সংবাদপত্রের মালিক হচ্ছেন দলীয় ক্যাডার আর ব্যবসায়িক গোষ্ঠী। সাংবাদিকতা নামের মহান পেশায় অবদান রাখা নয়, বরং মুনাফা অর্জন, রাজনৈতিক উচ্চাভিলাষ কিংবা কোম্পানির অন্য ব্যবসা টিকিয়ে রাখতে তাঁরা গণমাধ্যমকে ব্যবহার করছেন। বিবেক বন্ধক রেখে কালো টাকার মালিকদের নিয়ন্ত্রণে থেকে আর যাই হোক, স্বাধীন সাংবাদিকতা করা সম্ভব নয়। সাংবাদিকতার সততা ও অনন্যতা অক্ষুণ্ন রাখতে হলে এসব কালো টাকার মালিক, নষ্ট ব্যবসায়ী আর দুষ্ট রাজনীতিকদের খপ্পর থেকে গণমাধ্যমকে বাঁচাতে হবে। গতকাল সোমবার ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আরসি মজুমদার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। মূল বক্তব্যে রোবায়েত ফেরদৌস বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তিনদলীয় ঐক্যজোটের সম্মিলিত দাবির অন্যতম ছিল সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। পরবর্তী সময়ে প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট ’৭৩ সংশোধনও করা হয়। সে অনুযায়ী কোনো সরকার সংবাদপত্রের ঘোষণা (ডিক্লারেশন) বাতিল করতে পারে না। কিন্তু জনগণের বিপুল সমর্থন নিয়ে আসা বর্তমান সরকার গত ১৮ মাসে বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে স্বৈরশাসকের মতো আচরণ করেছে। গণমাধ্যমের জন্য এ সিদ্ধান্তগুলো খুবই দুঃখজনক।মূল বক্তব্যে রোবায়েত ফেরদৌস আরও বলেন, দেশের বেশির ভাগ গণমাধ্যমের মালিক নিজেরাই আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছেন। যে গণমাধ্যমরে মালিক নিজেই গডফাদার সেজে বসে আছেন, সরকার বা অন্যের কাজের সমালোচনা করার নৈতিক অধিকার সে গণমাধ্যমের নেই। রাজনীতির মতো গণমাধ্যমের মালিকানাতেও তাই গুণগত পরিবর্তন আনতে হবে। এটি করা না গেলে সামনের সময়ে সাংবাদিক বা গণমাধ্যম-পেশাজীবীদের সামনে দেখা দেবে সমূহ বিপদ।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান, কর্মঠ, আন্তরিক ও আদর্শ শিক্ষক। তাঁর সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। শিক্ষা ক্ষেত্রে তিনি যে অবদান রেখে গেছেন, জাতি তা কখনো ভুলবে না। তাঁর আদর্শ অনুসরণ করে আলোকিত সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৮ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফল অর্জনকারী প্রথম ১০ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়। পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন মাহবুবুল হক ওসমানী, রিফ্ফাত ফেরদৌস, দিলরুবা খানম, রেহানা সুলতানা, আলী আজগর, কুতুব উদ্দিন, নন্দিনী শাহলা চৌধুরী, তামান্না ইসলাম, আফসানা আবেদীন ও রহিমা পারভীন। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।