কালো পতাকা-কালো ব্যাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে গতকাল সোমবার তারা কালো ব্যাজ ধারণ করেছে। রাজীবসহ আন্দোলনের তিনজন কর্মীর স্মরণে কালো পতাকা উত্তোলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এ ছাড়া দাবির সমর্থনে কয়েকটি স্থানে মিছিল-মানববন্ধনও করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: গতকাল সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণজাগরণের অবস্থান কর্মসূচিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ঘোষিত কালো পতাকা-কালো ব্যাজ ধারণের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। শহীদ মিনারের সামনে জিন্দাবাজার সড়কজুড়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ কালো কাপড়ে লেখা ছিল ‘শোক নয় শক্তি’। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি দাবির স্লোগানে মুখর ছিল ওই এলাকা। বিকেলে লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়ামিন হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংস্কৃতিকর্মীরা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।পঞ্চগড়: পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজন্ম ’৭১-এর কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগের জাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ করে শহীদ মিনারে কালো পতাকা উত্তোলন করা হয়। শিক্ষার্থীরা কালো ব্যাজ পরে শহীদ মিনারে জড়ো হয়। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর ব্লগার রাজীবের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রতিদিন আন্দোলনে একাত্মতা জানিয়ে বক্তব্য দিচ্ছেন এবং কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করছেন। লালমনিরহাট: মানবতাবিরোধীদের বিচারের দাবিতে হাতে লেখা পোস্টারে ছেয়ে গেছে লালমনিরহাট শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও অলি-গলি। এই প্রচারণায় জড়িত কয়েকজন তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চে যেতে না পেরে ওই আন্দোলনে সংহতি প্রকাশ করতে হাতে পোস্টার লিখে দেয়ালে-দেয়ালে লাগিয়ে দিচ্ছে। শহরের আদর্শপাড়ার বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী সৌভিক চক্রবর্তী বলে, ‘সামনেই আমার পরীক্ষা হওয়ায় পরিবারের সদস্যরা এখন আমাকে শাহবাগে যেতে দিচ্ছে না। তাই ওই আন্দোলনে সংহতি প্রকাশ করতে পোস্টার লিখে লাগাচ্ছি।’রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বেলা ১১টায় সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজারে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ। পরে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। সন্ধ্যায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদরগঞ্জ (রংপুর): কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুপুরে মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়। এর আগে ব্যানার-ফেস্টুন হাতে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা স্থানীয় জিতেনদত্ত বিজয় মঞ্চে গিয়ে গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। শাহজালাল বিশ্ববিদ্যালয়: সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে গতকাল সোমবারের কর্মসূচি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। সকাল ১০টার দিকে সত্যেন বোস ভবনের সামনে কালো পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের পাশে জাগরণ মঞ্চ স্থাপন করা হয়। প্রতিদিন বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের গণজাগরণ মঞ্চেও যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পঞ্চগড়: পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজন্ম ’৭১-এর কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগের জাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ করে শহীদ মিনারে কালো পতাকা উত্তোলন করা হয়। শিক্ষার্থীরা কালো ব্যাজ পরে শহীদ মিনারে জড়ো হয়। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর ব্লগার রাজীবের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রতিদিন আন্দোলনে একাত্মতা জানিয়ে বক্তব্য দিচ্ছেন এবং কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করছেন। নেত্রকোনা: সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাড়ি ও দোকানপাটে কালো পতাকা উত্তোলন করা হয়। লোকজন কালো ব্যাজ ধারণ করেন। তরুণ প্রজন্মের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে শহরে মিছিল বের করেন এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি জামায়াত-শিবিরের পরিচালিত সব প্রতিষ্ঠান বর্জনের স্লোগান দেন। দুর্গাপুর পৌর শহরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ মিছিল ও সমাবেশ করেন।পূর্বধলা (নেত্রকোনা): পূর্বধলা জেএম পাইলট উচ্চবিদ্যালয়, পূর্বধলা ডিগ্রি কলেজসহ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।মুন্সিগঞ্জ: জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়সহ জেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়। লোকজন কালো ব্যাজ ধারণ করে তাঁদের কাজকর্ম সারেন। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমী-সংলগ্ন চৌরাস্তায় সকালে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। জেলার সিরাজদিখান উপজেলায় মঞ্চ তৈরি করে সন্ধ্যায় সর্বস্তরের জনতা মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করেন।মানিকগঞ্জ: সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চবিদ্যালয়, খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ পরে। এ সময় শিক্ষার্থীরা মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে যেসব কর্মসূচি ঘোষণা করা হবে, তার সঙ্গে সংহতি জানানোরও শপথ নেয়।