কালো পানিতে ডুবে আছে ধান, কাটার লোক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সব ধান তলাইছে। ধান কাটার জন্য কামলাগো দিনে ৩০০ টাকা মজুরি দিই, তিন বেলা খাওয়াই। এর পরও ওরা ধান কাটতে চায় না।’ কালো পানিতে তলিয়ে থাকা খেতের পাকা ধান দেখিয়ে কথাগুলো বলছিলেন আশুতিয়া গ্রামের কৃষক দিনেশ মল্লিক। পাশে থাকা কৃষক শাহজাহান বলেন, ‘ওগো দোষ দিয়া কি হইব? ওই পানিতে এক ঘণ্টা ধান কাটলে হাত-পায়ে চুলকানি শুরু হয়। চুলকাইয়া চামড়া উইঠা যায়। চোখে পানি আইসা যায়।’আশুতিয়া রাজধানী ঢাকার কাছে তুরাগ থানাধীন হরিরামপুর ইউনিয়নের ৩৩টি গ্রামের একটি। তুরাগ নদের পানি বেড়ে যাওয়ায় গ্রামের নদী-তীরবর্তী ধানখেতগুলো তলিয়ে গেছে। কিন্তু ওই পানি কালো ও দূষিত হওয়ায় পাকা ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছেন না কৃষকেরা।গত সোমবার ইউনিয়নের নদী-তীরবর্তী বিভিন্ন গ্রাম ঘুরে এ চিত্র দেখা গেছে। শাহজাহান বলেন, ‘পাকা ধান তলাইয়া আছে। কামলার অভাবে কাটতে না পাইরা কষ্ট লাগতাছে।’ একই কথা জানান আশুতিয়ার আরও কয়েকজন কৃষক।জানা গেছে, ইউনিয়নের তুরাগ নদের তীরের আশুতিয়া, ধউর, নয়নীতলা, শুক্লাভাঙা, নয়ানগর, দিয়াবাড়ী, রানাভোলা, চণ্ডালমুখ, নলভুক, বাইলঝুড়ি, যাত্রাবাড়ী, পাকুরিয়া, দলিপাড়া, কামারপাড়া, বাটুলিয়া, ফুলবাড়িয়া, রাজবাড়ী ও বাদলদীর কৃষকেরা বোরো চাষ করেন। গ্রামগুলো ইউনিয়ন পরিষদের (ইউপি) অধীনে হলেও ইউনিয়নটির কৃষি, ভূমিসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় ঢাকার তেজগাঁও সার্কেল থেকে। এই সার্কেলের অধীন ১৭টি ইউনিয়নের কৃষি কার্যক্রম পরিচালনা করেন মেট্রোপলিটন কৃষি কর্মকর্তারা। তাঁরা জানান, হরিরামপুরে তালিকাভুক্ত বোরো চাষির সংখ্যা ৬১২।সার্কেলের কৃষি কর্মকর্তা জাকিয়া পারভিন প্রথম আলোকে বলেন, হরিরামপুরের এসব গ্রামে এবার ৬৫০ একর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে ১৫০ একর জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। সহকারী কৃষি কর্মকর্তা বদর উদ্দিন বলেন, খেত তলিয়ে দেওয়া এই পানি দূষিত। আর ১৫ দিন পর পানি এলে কৃষকদের তেমন সমস্যা হতো না।আশুতিয়ায় ধানি জমির সামান্য দূরেই দেখা গেল ইটভাটা। কয়েকজন শ্রমিক বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। তাঁরা জানান, এই পানিতে নামলে চুলকায়। এক দিন ধান কাটলে পরদিন কাটতে পারেন না। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা।কৃষকেরা জানান, অপরিকল্পিতভাবে নদী ভরাট, দখল ও দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, ‘দীর্ঘ দিন ধরে তাঁরা তুরাগ রক্ষার দাবি জানাচ্ছেন, কিন্তু নদীর কান্না কেউ শুনছেন না। এখন কৃষকের কান্না কি শুনবেন?’হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কুদরত-ই-এলাহী বলেন, ইউনিয়নের অনেক গ্রামেই এখনো চাষাবাদ হয়। কিন্তু শিল্পকারখানার বর্জ্যের কারণে নদীর পানি দূষিত হয়ে পড়ায় সমস্যায় পড়ছেন কৃষকেরা।