কালো বলেই এত অবহেলা!
‘কালো বলে সাইফুল প্রায়ই আমাকে গালি দিতেন। বিয়ের প্রথম মাসেই গর্ভে সন্তান এলে স্বামীর কথামতো তা নষ্ট করে দিই। একপর্যায়ে সাইফুল যৌতুক হিসেবে আমার কাছে এক লাখ টাকা দাবি করেন। কিন্তু আমার পক্ষে তা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে তিনি আমাকে তালাক দেন। আমার মতো কালো হয়ে যেন আর কেউ পৃথিবীতে জন্ম না নেয়। কালো হয়ে জন্ম নেওয়াই যেন আমার আজন্ম পাপ।’ কথাগুলো বলছিলেন যশোরের মনিরামপুর উপজেলার দোনার গ্রামের নওশের আলী বিশ্বাসের মেয়ে রোকসানা খাতুন (২৫)।রোকসানা ও তাঁর খালা বিধবা মুন্নি বেগমের ভাষ্যমতে, কালো হওয়ায় শৈশবে রোকসানাকে তাঁর মা-বাবা মোহনপুর গ্রামে নানার বাড়িতে রেখে আসেন। সেখানেই বড় হতে থাকেন তিনি। নানা হাতেম আলী ও নানির মৃত্যুর পর রোকসানার ঠাঁই মেলে মুন্নি বেগমের সংসারে।রোকসানা গত বছরের ১৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়েছে, গত বছরের ১৯ এপ্রিল হাসাডাঙ্গা গ্রামের মৃত মোসলেম গাইনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে রোকসানা খাতুনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর রোকসানা জানতে পারেন, সাইফুলের আরও একজন স্ত্রী আছেন। এ নিয়ে মাঝেমধ্যে তাঁদের ঝগড়া হতো। সাইফুল প্রায়ই তাঁকে কালো বলে গালমন্দ করতেন। উপরন্তু এক লাখ টাকা যৌতুকের দাবিতে রোকসানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন সাইফুল। ওই টাকা না দিতে পারায় গত বছরের ৭ জুলাই রোকসানাকে তালাক দেন সাইফুল।রোকসানার অভিযোগ তদন্ত করে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান তাঁর প্রতিবেদনে জানান, সাইফুলের বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই রোকসানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রোকসানার বাবা নওশের আলী বিশ্বাস গত বুধবার এ প্রসঙ্গে বলেন, ‘কালো বলে ছোটবেলায় রোকসানার ওপর কিছুটা অবহেলা করা হয়েছে। তবে যে মেয়ে বাবা-মাকে না জানিয়ে বিয়ে করে, তার খোঁজখবর নেওয়ার প্রযোজন মনে করি না।’যোগাযোগ করা হলে মুঠোফোনে সাইফুল বলেন, রোকসানা সবকিছু জেনেশুনে আমাকে বিয়ে করেছে। তার ইচ্ছাতেই তাকে তালাক দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, রোকসানার সম্মতিতেই তার গর্ভের সন্তান নষ্ট করা হয়েছে। যৌতুক দাবি করার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘কালো বলে আমি তাকে কখনো নির্যাতন করিনি।’ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন বলেন, ‘সাইফুল যা করেছে তা অমার্জনীয়। তার শাস্তি হওয়া উচিত।’ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘আমার সহযোগিতায় লিগ্যাল এইড, যশোরের আইনজীবী আরমান আলী বাদীর পক্ষে যশোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে গত বছরের ৮ সেপ্টেম্বর মামলা করেছেন।’