কালো ব্যাজে কর্মীরা, সচিব এলেন পুলিশ পাহারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ আগস্ট পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীরা। কালো ব্যাজ ধারণ করে গতকাল মঙ্গলবার তাঁরা কাজে যোগ দিয়েছেন। এদিকে পুলিশি পাহারায় সচিব দেওয়ান মো. আবদুস সামাদ কার্যালয়ে আসেন।
পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও গৃহনির্মাণ ঋণসুবিধা পুনরায় চালু করার দাবিতে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। তাঁদের বাধার মুখে গত রোববার দুপুরের পর থেকে সচিব দেওয়ান মো. আবদুস সামাদ কার্যালয়ে যেতে পারেননি।
কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যসচিব ও সহকারী প্রকৌশলী জি এফ এম হাসনুল ইসলাম বলেন, নির্বাহী পরিচালক কামাল উদ্দিনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ৪ আগস্ট পর্যন্ত তাঁরা আন্দোলন স্থগিত করে কাজে যোগ দিয়েছেন। ওই সময় পর্যন্ত তাঁরা কালো ব্যাজ ধারণ করে অফিস করবেন। ৪ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা আবারও আন্দোলনে যাবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে সচিব তাঁর গাড়িতে করে কার্যালয়ে আসেন। পেছনে একটি গাড়িতে পুলিশ ছিল। তিনি কার্যালয়ে ঢুকলে পুলিশের একজন উপপরিদর্শকও তাঁর সঙ্গে যান। তিনি যতক্ষণ তাঁর দপ্তরে ফাইলপত্র সই করেন, ততক্ষণ ওই পুলিশ কর্মকর্তা তাঁর সামনে বসেছিলেন।
২০১১ সালে বিএমডিএতে একজন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে সচিব নিয়োগের পর ২০১২ সাল থেকে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও গৃহনির্মাণ ঋণসুবিধা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে ও সচিবের অপসারণসহ পাঁচ দফা দাবিতে গত রোববার থেকে আন্দোলনে নামেন বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল থেকে প্রায় ১ হাজার ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীরা সব দাপ্তরিক কাজ বন্ধ করে দেন।