কালো ব্যাজে বর্ষ বিদায়ের শোভাযাত্রা

কালো আবরণে ঢেকে দেওয়া দেয়ালচিত্রকে সাক্ষী রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয়েছে এবারের বর্ষ বিদায়ের শোভাযাত্রা। আঘাতের প্রতিবাদে সবার বুকে ছিল কালো ব্যাজ। আজ বৃহস্পতিবার বিকেলে স্বতঃস্ফূর্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ধর্মান্ধ জঙ্গিবাদকে পরাজিত করার অঙ্গীকার করেন।
বিকেল চারটায় নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সারা দেশের মানুষ যখন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার, তখন চারুকলার বিভাগের দেয়ালচিত্রে আঘাত আমাদের মর্মাহত করেছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য এই সংস্কৃতি। এই সংস্কৃতির ওপর কোনো আঘাত সহ্য করা হবে না। দেয়ালচিত্রে আঘাতের কারণে আজ প্রতিবাদী বর্ষ বিদায় পালন করছি। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানাচ্ছি। সবাই মিলে এই অশুভ শক্তিকে বিনাশ করবই।’

গত মঙ্গলবার রাতে নগরের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের করা দেয়ালচিত্রে পোড়া মবিল ছিটিয়ে আঘাত হানে দুর্বৃত্তরা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা।
চারুকলা থেকে শোভাযাত্রাটি বের হওয়ার আগে থেকেই সেখানে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। ছিলেন পুলিশের নারী সদস্যরাও।
তবে প্রতিবাদী শোভাযাত্রা হলেও এতে রং-বেরঙের মুখোশ, পাখা, সাজসজ্জার উপকরণ নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। ঢোল, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে প্রতিবারের মতো এবারও শোভাযাত্রাটি মাতিয়ে রাখেন তাঁরা। শোভাযাত্রায় তিন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

শোভাযাত্রাটি চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয়ে চট্টেশ্বরী সড়ক, কাজীর দেউড়ি হয়ে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় কাজীর দেউড়ি এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
শোভাযাত্রায় অংশ নেওয়া চারুকলার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা ফারিন বলেন, ‘আমরা ভীত নই। যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার প্রতিবাদ জানাতে আজ কালো ব্যাজ ধারণ করে শোভাযাত্রা করছি।’
চারুকলার স্নাতকোত্তরের শিক্ষার্থী বিজন বিশ্বাস বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য এই বর্ষ বিদায় ও বরণ। কোনো গোষ্ঠীর কারণে এ উৎসব বন্ধ হবে না।
কালো তেলে কালিমা লেপন করা দেয়ালচিত্র প্রতিবাদ হিসেবে সেভাবেই রেখে দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার সকালেও পোড়া তেলে মুছে দেওয়া দেয়ালচিত্রের পাশে চলেছে নতুন চিত্র আঁকার কাজ। রংতুলিতে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার লোকজ সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার নানা ছবি। তার পাশাপাশি চলেছে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণ তৈরির কাজ। মঙ্গলবার রাতের ঘটনার পর বুধবার সকাল থেকে পুলিশি পাহারা ছিল। নতুন করে আলপনা আঁকা হয় বাদশা মিয়া সড়কের অনেকাংশে।
মামলা হয়নি, আটকও নেই
ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তারা নগরের বাদশা মিয়া সড়কের আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। কিন্তু তাতে ওই সময়ে (মঙ্গলবার রাত ১২টা কিংবা আগে-পরে) ওই এলাকায় সে ধরনের মোটরসাইকেল আরোহী যেতে দেখা যায়নি বলে জানা গেছে। কাউকে গ্রেপ্তারও করা যায়নি। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, ‘ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু এখনো সেভাবে কিছু পাওয়া যায়নি। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল বুধবার বিকেলে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে চারুকলার শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডার ঘটনাটিকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন ওসি।
এদিকে পয়লা বৈশাখের বিরুদ্ধে মৌলবাদী আক্রমণ, অপপ্রচার ও ধর্মান্ধদের সঙ্গে সরকারের নির্লজ্জ আপসের প্রতিবাদে উদীচী দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে উদীচী চট্টগ্রামের প্রতিবাদ সমাবেশ হয়। এতে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, শেখ হাসিনা মনে করছেন, হেফাজতের সঙ্গে আপস করে নির্বাচনী বৈতরণি পার হবেন। কিন্তু সেটা ভুল। কারণ, ঐতিহ্যগতভাবেই হেফাজতিরা আওয়ামী লীগকে ভোট দেবে না। অতীতেও দেয়নি। তারা কেবল সুবিধা নিচ্ছে। তিনি আরও বলেন, তারা ধর্ম, সংস্কৃতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর আগে ২১ ফেব্রুয়ারির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়েছে। অসাম্প্রদায়িক ঐতিহ্যকে নষ্ট করতে তারা এই অপপ্রচার করে যাচ্ছে।
সমাবেশে উদীচীর সহসভাপতি চন্দন দাশ, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান প্রমুখ বক্তব্য দেন।
এদিকে দেয়ালচিত্রে পোড়া মবিল ছিটানোর প্রতিবাদে মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখা। বিকেল পাঁচটায় মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে বের হয়। চেরাগী মোড় হয়ে মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া একই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
আরও পড়ুন
আঘাতের প্রতিবাদে নতুন দেয়ালচিত্র