কালো মেঘ দেখলেই ভয়
‘মেঘ দেখে তুই করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।’ এই ভাব সম্প্রসারণটি ছাত্রদের পড়াতে ও শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিপাকে পড়ে যাওয়ার কথা জানালেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান।
লুৎফর রহমান জানালেন, পুরোনো দুই টিনশেড ভবনের চাল ফুটো হয়ে গেছে। দেয়ালে ফাটল ধরেছে। বৃষ্টি নামলে চাল চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। ভূমিকম্প ও ঝড়ে যেকোনো সময় বিদ্যালয়ের ভবনটি ভেঙে যেতে পারে—এই ভয়ে আকাশে মেঘ দেখলেই বিদ্যালয়টি আপনা-আপনিই ছুটি হয়ে যায়। ওই ভাবসম্প্রসারণ পড়াতে গিয়ে এক খুদে শিক্ষার্থী প্রশ্ন করে, ‘আমরা তো স্যার মেঘ দেখলেই ভয় পাই। স্কুলঘর ভেঙে মাথায় পড়ে যাওয়ার ভয়ে আমরা দৌড়ে বাড়ি যাই। বইয়ে বলেছে, মেঘ দেখে ভয় না পেতে। তাহলে কি আমরা ভয় না পেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে পড়ব?’ উত্তর থাকলেও কিছু সময়ের জন্য শিক্ষক নির্বাক বনে যান।
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত উপজেলার ৫০ নম্বর কালমেঘা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, ১৯৮৮ সালে নির্মিত পুরোনো তিন কক্ষের ভবনটি বেশি জরাজীর্ণ। পরিত্যক্ত ঘোষণা হয়েছে অনেক আগেই। মেঝে ও দেয়ালে ফাটল থাকার পরও ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা ক্লাস করছে। দুই কক্ষের আরেকটি ভবনের এক কক্ষ ব্যবহার করেন শিক্ষকেরা কার্যালয় হিসেবে, আরেক কক্ষে ক্লাস হয়। দুই ভবনেই চাল চুইয়ে পানি পড়ে। বই-খাতা ভিজে যাওয়া ও দেয়াল ধসে যাওয়ার ভয়ে শিক্ষার্থীরা আকাশে মেঘ দেখলেই ভয়ে বাড়ি চলে যায়।
সহকারী শিক্ষক কামরুন্নাহার বলেন, শুধু জরাজীর্ণ বিদ্যালয়ের কারণেই ২০১২ সালে ৩০০ জন, ২০১৪ সালে কমে গিয়ে ২০২ জন ও বর্তমানে ১৮৮ জন শিক্ষার্থী ওই বিদ্যালয়ে পড়াশোনা করছে। এ ছাড়া প্রধান শিক্ষকসহ দুটি পদ শূন্য রয়েছে। একজন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় দুই শিক্ষক দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ওই বিদ্যালয়।
সুমাইয়া মনীষা নামের এক শিক্ষার্থী বলে, ‘আকাশে মেঘ দেখলেই আম্মু স্কুলে ফোন দেয়, যেন আমাকে ছুটি দেওয়া হয়। তখন ক্লাস বাদ দিয়েই বাড়ি চলে যেতে হয়। ভবনের কারণে পড়াশোনা কম হয়।’
বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইয়াসমিন আক্তার বলেন, ‘স্কুলে শিগগিরই নতুন ভবন দরকার। ঝড়-বৃষ্টি এলে চিন্তায় থাকি। অনেক সময় দৌড় দিয়ে স্কুলে গিয়ে মেয়েকে নিরাপদে সরিয়ে নিয়ে আসি।’
ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম বলেন, ‘আমার জানামতে, উপজেলায় সেরা জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকায় এই বিদ্যালয়। এর করুণ অবস্থার কথা আমি স্থানীয় সাংসদকে জানিয়েছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, নতুন ভবন বরাদ্দ এলে ওই বিদ্যালয় অগ্রাধিকার পাবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক প্রথম আলোকে বলেন, জরাজীর্ণ পাঁচটির মধ্যে ওই বিদ্যালয়ের নাম রয়েছে। গত ১ এপ্রিল অনুষ্ঠিত শিক্ষা কমিটির সভায় উপজেলার ২০টি পুরোনো প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন জরাজীর্ণ ও নব্য সরকারি ২৫টি বিদ্যালয়ে পাকা ভবন না থাকার বিষয়টি আলোচিত হয়েছে। ওই ৪৫টি বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।