কালোচান্দা খাচ্ছেন পর্যটকেরা
তীব্র শীতের এই মৌসুমে কক্সবাজার সাগর উপকূলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে সুস্বাদু মাছ ‘কালোচান্দা’। সাদা রঙের ‘রূপচান্দা’ মাছের সঙ্গে দেশের মানুষ পরিচিত হলেও কালোচান্দার বাজার এখন ভালো। ভ্রমণে আসা পর্যটকেরা কালোচান্দাকে গ্রিল করে খেতে বেশ পছন্দ করছেন। সাদাচান্দা (চায়নিজ পমফ্রেট) ওজনে সর্বোচ্চ দেড় কেজি হলেও কালোচান্দা (ব্ল্যাক পমফ্রেট) পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে। রূপচান্দার সংকট দূর করছে এই কালোচান্দা। গতকাল বুধবার সকালে শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটার ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, হাজার হাজার কালোচান্দায় ভর্তি বাজার। প্রতি কেজি কালোচান্দা বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। বাজারে সর্বোচ্চ সাড়ে চার কেজি ওজনের কালোচান্দা বিক্রি করতে দেখা গেছে।গতকাল সকালে ফিশারিঘাটে সদর উপজেলার খুরুশকুল গ্রামের মুজিবুর রহমানের একটি ট্রলারে বিক্রি করে প্রায় পাঁচ হাজার কালোচান্দা। কেজি ২৯০ টাকা দরে ওই মাছ বিক্রি করে ট্রলারের মালিক পেয়েছেন প্রায় ২০ লাখ টাকা। ট্রলারের জেলে কলিমউল্লাহ (৪৫) বলেন, উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের গভীর সাগরে এই মাছ ধরা পড়েছে। কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্যপরিষদের সভাপতি জয়নাল আবেদীন বলেন, গত কয়েক দিন ধরে উপকূলে তীব্র শীত অনুভূত হচ্ছে। আর এ সময় সমুদ্র উপকূলে ধরা পড়ছে বিপুল পরিমাণ কালোচান্দা। প্রতিটি ট্রলারের মালিক কালোচান্দা বিক্রি করে দুই থেকে ৩০ লাখ টাকা পাচ্ছেন। কালোচান্দা ধরতে কয়েক হাজার ট্রলার এখন সাগরে অবস্থান করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অথবা ভূমিকম্পের প্রভাবে আবাসস্থল নষ্ট হলে কালোচান্দা গভীর সমুদ্র থেকে উপকূলের কাছাকাছি চলে আসে বলে ধারণা করা হচ্ছে। জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক অমিতোষ সেন প্রথম আলোকে বলেন, ব্ল্যাক পমফ্রেট বা কালোচান্দা গভীর সাগরের মাছ। খাদ্যসংকটের কারণে অথবা জীবনযাত্রার উপকরণের সন্ধানে এরা দলবেঁধে আবাসস্থল থেকে উপকূলের দিকে ছুটে আসতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অথবা আবাসস্থল নষ্টের কারণে এমনটি হচ্ছে কি না, গবেষণার দরকার রয়েছে। কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান বলেন, বর্তমানে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম চলছে। আগামী থার্টি ফাস্ট নাইট পর্যন্ত এখানে আরও কয়েক লাখ মানুষের আগমন ঘটবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশের খাবারের চাহিদা পূরণ করছে কালোচান্দা। পাহাড়, সাগর, নদী ও দ্বীপ ভ্রমণের পাশাপাশি পর্যটকেরা কালোচান্দার স্বাদ নিতে ভুলছেন না।