কালোজিরার তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোজিরায় যথেষ্ট পুষ্টিগুণ আছে। তবে বাজারে এখন কালোজিরার যে তেল বিক্রি হচ্ছে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কালোজিরার তেল নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এ তেল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, এ তেল খেলে পেটের পীড়া বাড়বে।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে বিসিএসআইআরের গবেষণা তথ্য সাংবাদিকদের জানানো হয়। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বলা হয়, যথাযথভাবে পরিশোধিত হলে এই তেল খেতে কোনো অসুবিধা নেই।বিসিএসআইআরের আইএফএসটি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষ্ণা চৌধুরী বলেন, বাজার থেকে কালোজিরার তেলের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, তাতে অম্ল (এসিড) ও অন্যান্য রাসায়নিক উপাদান যে মাত্রায় রয়েছে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি তেল বাজারজাতকরণের আগে পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করার অনুরোধ জানান।বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম ইমামুল হক এ তেলের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এ তেল খেলে পেটের পীড়া বাড়বে। বেশি দিন ধরে খেলে মানুষ দ্রুত বুড়িয়ে যাবে। তিনি আরও বলেন, প্রসূতিরা এ তেল খেলে ক্ষতিকর প্রভাব পড়বে শিশুর ওপর। কালোজিরা (বীজ) খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বীজের সব গুণ তেলে থাকবে না। বীজের উপকারিতা অনেক বেশি।অনুষ্ঠানে বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট) পরিচালক (কেমিক্যাল) আখতারুজ্জামান বলেন, বিএসটিআইয়ের মানদণ্ড মেনে চললে ক্ষতির সম্ভাবনা কম থাকে।