কালোটাকা ছড়ানোর অভিযোগ তিন প্রার্থীর
নির্বাচনী প্রচারণার শেষ দিন গতকাল বৃহস্পতিবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তিন মেয়র পদপ্রার্থীই অভিযোগ করেছেন। দুই প্রার্থীর অভিযোগের বিষয় অপপ্রচার। দুজন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণভাবে না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। আর কালোটাকা ছড়ানোর অভিযোগ করেছেন তিনজনই। ১৮ দল-সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষে বিএনপির সাংসদ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, সরকারি দলের মেয়র পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধি মানছেন না। নির্বাচন কমিশনে যে অভিযোগ করা হচ্ছে, তা শুধু শোনা হচ্ছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্বাচনী কাজ করার সময় ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।নজরুল ইসলাম বলেন, ‘বরিশালে বিএনপির প্রার্থীর সহকারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় খুলনায় আমরা বিপর্যস্ত বোধ করছি।’ গতকাল বিকেলে নগরের মুহসীন রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরের কতগুলো বস্তিতে কালোটাকা ছড়ানোর চেষ্টা চলছে। নজরুল ইসলামের অভিযোগের বিষয়ে কেসিসির রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক বলেন, বিএনপি এ পর্যন্ত যেসব অভিযোগ করেছে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্নুজান সুফিয়ানের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনে জানানো হয়েছে বলেও জানান তিনি।খুলনা প্রেসক্লাবে গতকাল দুপুরে সম্মিলিত নাগরিক কমিটি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য ও অপবাদ দিয়ে পত্রিকায় ও লিফলেট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সাবেক মেয়র আরও অভিযোগ করেন, বিএনপি ধর্মীয় উসকানিমূলক নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, এসব আচরণবিধি লঙ্ঘনের শামিল। এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন। তবে আওয়ামী লীগের নেতা খালেকের কথা, ‘কালোটাকা কোনখানে আছে, তা জানি না। কালোটাকা দিয়ে নির্বাচন কোনো দিন করিনি, করবও না।’ তিনি উল্টো তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে কালোটাকা ছড়ানোর অভিযোগ করেন। খুলনা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটি-সমর্থিত মেয়র পদপ্রার্থী বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুজনই পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে অপপ্রচার চালাচ্ছেন যে তিনি নাকি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের অপপ্রচার করে তাঁর জয়যাত্রা থামানো যাবে না।