নরসিংদী পৌরসভার উপনির্বাচনের প্রার্থীদের সতর্ক করে দিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা চাই সব প্রার্থী আচরণবিধি মেনে চলুক। এর মাধ্যমেই নির্বাচনের পরিবেশ সুন্দর হবে। নির্বাচনে কালোটাকা ছড়ানোর সত্যতা পেলে প্রার্থিতা বাতিল করা হবে।’ গতকাল সোমবার দুপুরে নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সাখাওয়াত হোসেন এ কথা বলেন। তিনি বলেন, উপনির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়জন ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে থাকবেন ২৪ জন নিরাপত্তাকর্মী।পৌরসভার উপনির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনে আপনাদের বিজয়ের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভোটারদের মন জয় করা। কোনো অরাজকতা কমিশন সহ্য করবে না; আর উপায়ও নেই। কারণ নরসিংদীর ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।’ তিনি আরও বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে সব প্রার্থীকে সম্পদের হিসাব দিতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সুলতান উদ্দিন ইভিএম ছাড়া ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশনার তা নাকচ করে দেন।জেলা প্রশাসক ওবায়দুল আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির মোর্শেদ সারোয়ার, নরসিংদী পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।