কালোটাকা বিনিয়োগে বর্ধিত করারোপের দাবি টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে বর্ধিত হারে করারোপের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইনের অধীনে বিনিয়োগ করা কালোটাকার উৎস সম্পর্কে প্রশ্ন না তোলা-সংক্রান্ত আগের এসআরও (স্ট্যাটুট্যারি রেগুলেটরি অর্ডার) সংশোধনে অর্থমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানানো হয়।প্রসঙ্গত, গত মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে অর্থের উৎস সম্পর্কে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী আইনে প্রশ্ন তোলার বিধান করা হচ্ছে। এ কারণে এনবিআর আয়কর আইনের অধীনে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন না তোলার যে প্রজ্ঞাপন জারি করেছিল, তাতে সংশোধনী আনা হবে।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কালোটাকা সাদা করার বিধান নৈতিকভাবে অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক এবং রাজস্ব সংগ্রহের বিবেচনায় অর্থহীন। এটা সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গেও সাংঘর্ষিক।ইফতেখারুজ্জামান মনে করেন, কালোটাকার মালিকদের ক্রমাগত টাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনকে উৎসাহিত করা হচ্ছে। তা ছাড়া কালোটাকা বৈধ করার সংস্কৃতি পুরোপুরি পরিহার করতে ব্যর্থ হলে দুর্নীতির বিস্তৃতি আরও বাড়বে।কালোটাকা সাদা করার সুযোগ পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ২৫ থেকে ৩০ শতাংশ কর আদায় বাধ্যতামূলক করার দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক।প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজার ও সরকারি ট্রেজারি বন্ডে কালোটাকা সাদা করার সুযোগ দেয় সরকার।