কালোটাকা বৈধ করার সুযোগ অনৈতিক ও বৈষম্যমূলক: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে কালোটাকা বৈধ করার সুযোগ দেওয়া অসাংবিধানিক, অনৈতিক, বৈষম্যমূলক ও সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। এ সুযোগ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদাহরণ বলে মনে করে সংস্থাটি।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ সুযোগ বাংলাদেশের সংবিধানের ২০(২) ধারার সঙ্গে সাংঘর্ষিক। এটা বেআইনি ও এতে দুর্নীতিগ্রস্ত আচরণকে পুরস্কৃত করা হয় এবং সততাকে নিরুৎসাহিত করা হয়।

ইফতেখারুজ্জামান বলেন, অবৈধ অর্থ উপার্জনকারীকে এভাবে আবাসন খাতে অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান করা হলে তা হবে বৈধ ও সৎপথে অর্থ উপার্জনকারী নাগরিকের প্রতি বৈষম্যমূলক। এ ধরনের অগ্রহণযোগ্য সুযোগ বছরের পর বছর দেওয়ায় অতীতে রাজস্ব আদায়ে ভালো ফল পাওয়া যায়নি।