কালোটাকা সাদা করার বিরুদ্ধে টিআইবি
কালোটাকা সাদা করার সুযোগ দেওয়াকে ‘অসাংবিধানিক’, ‘অনৈতিক’ এবং ‘বৈষম্য সৃষ্টিকারী’ সুযোগ হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ জন্য আসন্ন বাজেটে এ সুযোগ না দিতে সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গণমাধ্যমে আজ মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই অনৈতিক সুযোগ কার্যত অনিয়ম ও দুর্নীতিকে পুরস্কৃত এবং সততাকে নিরুত্সাহিত করে। একই সঙ্গে এটি সরকারকে দুর্নীতির সংরক্ষক এবং সহায়ক হিসেবে উপস্থাপিত করে।
ইফতেখারুজ্জামান আরও বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটি প্রমাণিত যে এ সুবিধা দেওয়ার ফলে অর্থনীতি মোটেও উপকৃত হয় না। এমনকি তা উল্লেখযোগ্য হারে রাজস্ব আদায়েরও সহায়ক নয়।
বিবৃতিতে প্রতিরক্ষাসহ সব খাতের বাজেট বরাদ্দের ক্ষেত্রে আরও স্বচ্ছতার মাধ্যমে জাতীয় সংসদ ও সংসদের বাইরেও ব্যাপক আলোচনার সুযোগ সৃষ্টি করার আহ্বান জানায় টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক আরও বলেন, জনস্বার্থেই জনগণের করের অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় হয়। প্রতিরক্ষা খাতকে ধরাছোঁয়ার বাইরের খাত বিবেচনা না করে জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ খাত বিবেচনা করে এ বিষয়ে মুক্ত আলোচনার সুযোগ তৈরি করতে হবে। যেন এ ক্ষেত্রে আরও বেশি জনআস্থা তৈরি হয়। এতে প্রতিরক্ষা ব্যয়ের বিষয়ে জনসমর্থনও বাড়বে।