কালোটাকা সাদা করার বড় খাত মৎস্য চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য চাষই অপ্রদর্শিত আয় বা কালোটাকা দেখানোর একটি বড় খাতে পরিণত হয়েছে। কর ফাঁকি বা কর এড়ানোর কৌশল হিসেবে এই খাতটি বেছে নিচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা। বার্ষিক আয়কর বিবরণীতে মৎস্য চাষ থেকে বাস্তবের চেয়ে অনেক বেশি আয় দেখানো হচ্ছে।
খাল-বিল ও পুকুরের পানির নিচে মাছ থাকায় সরেজমিনে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের পক্ষে ওই খামারির আয়-ব্যয় প্রাক্কলন করা সম্ভব নয়। কী পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, তাও জানা সম্ভব হয় না। এই সুযোগটিই নেন মাছচাষি রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। নিজেদের যে পরিমাণ সম্পদের উৎস বৈধ নয়, আয়কর বিবরণীতে সেই টাকা মৎস্য খাত থেকে আয় হিসেবে দেখিয়ে দেন তাঁরা।
পুকুর বা খাল-বিল থেকে মাছ তুলে তা বিক্রির সময় পাইকারদের কোনো রসিদ দেওয়ার রেওয়াজ নেই। মাছ বিক্রির কোনো দালিলিক প্রমাণও থাকে না। তাই বছর শেষে মৎস্য খাত থেকে আয়ের কোনো কাগজপত্রও দাখিল করতে হয় না। আয়কর বিবরণীতে যে আয় দেখানো হয়, তা-ই বিনা প্রশ্নে মেনে নিতে বাধ্য হন মাঠপর্যায়ের কর কর্মকর্তারা।
২০০৮ সালের জুন মাস পর্যন্ত মৎস্য খাতের আয় সম্পূর্ণ করমুক্ত ছিল। ২০০৮ সালের জুলাই থেকে ২০১১ সালের জুন মাস পর্যন্ত বার্ষিক দেড় লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়। এর বেশি আয় হলে কমপক্ষে ১০ শতাংশ সরকারি বন্ড বা সিকিউরিটিজে বিনিয়োগে বাধ্যবাধকতা আরোপ করা হয়। এরপর ২০১১ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত ৫ শতাংশ হারে করারোপ করা হয়।
চলতি ২০১৩-১৪ অর্থবছর থেকে এই করহার ৩ শতাংশে নামিয়ে দেওয়া হয়েছে। মৎস্য খাত ছাড়া অন্য খাত থেকে আয় দেখালে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কর আরোপ হবে। এর ফলে মৎস্য চাষই এখন কালোটাকা সাদা করার বড় ক্ষেত্র।
এনবিআর সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১১-১২ করবর্ষে মৎস্য খাত থেকে প্রায় ৩০ কোটি টাকা কর পেয়েছে সরকার।
এনবিআর সূত্রে জানা গেছে, কর ফাইল যাতে কর কর্মকর্তাদের নজরদারি বা যাচাই-বাছাইয়ের মধ্যে না পড়ে, সে জন্য সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন বেশির ভাগ আয়করদাতা। অনেকেই মৎস্য ব্যবসা বা মৎস্য খামার না থাকলেও আয়কর বিবরণীতে এই খাত থেকে আয় দেখিয়েছেন। অনেকে বিশাল জলাশয় দেখিয়ে বিপুল মৎস্য আয় দেখিয়েছেন, বাস্তবে সেখানে কোনো মাছ চাষ হয় না।
রাজনৈতিক প্রভাবের কারণে এসব প্রভাবশালী ব্যক্তি ধরাছোঁয়ার বাইরে থাকছেন। আয়কর ফাইলে দেখানো মৎস্য খাত থেকে আয় প্রকৃতভাবে হচ্ছে কি না, তা প্রাক্কলন করতে পারছেন না কর কর্মকর্তারা। মাছের পুকুর বা খাল-বিল সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে নাজেহাল হওয়ার ঘটনাও ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর আগে চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত একজন সাবেক মন্ত্রী তাঁর কর ফাইলে মৎস্য খাত থেকে অস্বাভাবিক পরিমাণ আয় দেখান। কর ফাইলটি যাচাই করতে গিয়ে তৎকালীন উপ-কর কমিশনার তাঁর মৎস্য খামার দেখতে চান। পরে মৎস্য খামার সরেজমিনে দেখানোর কথা বলে ওই উপ-কর কমিশনারকে সীতাকুণ্ড এলাকার এক পাহাড়ে উঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এনবিআরের সদস্য (করনীতি) সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন মৎস্য খাতের আয় করমুক্ত ছিল। তাই এই খাতে কর-সংক্রান্ত বিশৃঙ্খলা ছিল, অনেকেই মৎস্য খাতের আয়ের প্রকৃত ঘোষণা দিতেন না। এখন ন্যূনতম করারোপ করে এই খাতটিকে নজরদারিতে আনা হয়েছে।