কালোটাকা সাদা করার সুযোগ দিলে পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণকারীদের থামাতে ‘সবুজ কর’ আরোপ এবং জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কালোটাকা বিনিয়োগের সুবিধা বাতিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। কালোটাকা বিনিয়োগের এ ক্ষেত্র উন্মোচিত হলে দেশে পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা বাড়বে বলে মন্তব্য করেছে সংগঠনটি।

গতকাল শুক্রবার রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে ‘প্রস্তাবিত জাতীয় বাজেট ২০১৩-১৪ কতটা পরিবেশবান্ধব’ শীর্ষক সংবাদ সম্মেলনে বাপা নেতারা এসব কথা বলেন। বাজেটে সুন্দরবনকে ধ্বংসকারী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র, ফুলবাড়ীর প্রকৃতি ও পরিবেশ ধ্বংসকারী উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বরাদ্দ রাখার সমালোচনা করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘৫০ বছর আগের ধাঁচের গতানুগতিক বাজেট নয়, এখন প্রয়োজন ৫০ বছর পরে দেশের কী অবস্থা হবে সেই ভাবনা থেকে বাজেট তৈরি করা।’ তিনি আরও বলেন, মোট দেশজ উৎপাদন (জিডিপি) না বাড়লে দেশের ক্ষতি হয় না, কিন্তু পরিবেশদূষণ বাড়লে জাতির সর্বনাশ হয়। উন্নয়ন পরিকল্পনার সঙ্গে পরিবেশ রক্ষার বিষয়টি সমন্বয় করে বাজেট তৈরির আহ্বান জানান তিনি।

বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, বাজেটে জমি ও ফ্ল্যাট কেনার মাধ্যমে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। কেননা, এতে ভূমিদস্যুতা ও পরিবেশ ধ্বংস করে আবাসন প্রকল্প করার প্রবণতা বাড়বে। পরিবেশ রক্ষায় সরকারের এ সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাপার নির্বাহী সদস্য এ এম মুয়াজ্জেম হুসাইন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, জাতীয় পরিষদের সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ বক্তৃতা করেন।